Asansol Encounter

সপ্তম শ্রেণিতে পড়াশোনা করার সময় অপরাধ জগতে প্রবেশ, ২০টির বেশি মামলায় অভিযুক্ত আসানসোলের ‘ক্রিমিনাল’ প্রতাপ

পুলিশ সূত্রের খবর, প্রতাপ দাস বিবাহবন্ধনীর এজেন্সি খুলেছিল। সেটাকে সামনে রেখেই সাইবার প্রতারণা চলছিল। গত দু’বছর ধরে এই প্রতারণা চক্র চালাচ্ছিল প্রতাপ। সম্প্রতি আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাজুড়ে সাইবার প্রতারকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বেশ কয়েক জন গ্রেফতারও হয়েছে।

অভিযুক্তের নাম প্রতাপ দাস।
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০১:৫৯

সপ্তম শ্রেণিতে পড়াশোনা করার সময়ই অপরাধ জগতে হাতেখড়ি হয়েছিল প্রতাপ দাসের। চুরি দিয়ে শুরু। গত কয়েক বছর ধরে অপরাধের ধরণ পাল্টে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত হয় এই দুষ্কৃতী প্রতাপ দাস। পুলিশ সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে অন্তত ২০টির বেশি মামলা রয়েছে। শুক্রবার সকালে তাঁকে ধরতে গিয়ে পুলিশ এনকাউন্টার করেছে। গুলিবিদ্ধ হয়ে প্রতাপ আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ সূত্রের খবর, প্রতাপ দাস বিবাহবন্ধনীর এজেন্সি খুলেছিল। সেটাকে সামনে রেখেই সাইবার প্রতারণা চলছিল। গত দু’বছর ধরে এই প্রতারণা চক্র চালাচ্ছিল প্রতাপ। সম্প্রতি আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাজুড়ে সাইবার প্রতারকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বেশ কয়েক জন গ্রেফতারও হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রতাপ দাসের নাম উঠে আসে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে।

স্কুলে পড়ার সময়েই নানা অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে প্রতাপ দাস। এক পুলিশকর্তার দাবি, প্রতাপ আসানসোলের একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময়ে একটি ওষুধের দোকানে চুরি করে। পুলিশ তাকে জুভেনাইল আদালতে হাজির করে হোমে পাঠায়। সেখান থেকে ফিরে এসেই আবার চুরি–ছিনতাইয়ের ঘটনায় তাঁর নাম জড়ায়।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ওই পুলিশ কর্তার বক্তব্য, গত ২০২৩ সালে বড় অপরাধের ঘটনায় তার নাম প্রথম আসে। ওই বছরের ১৪ সেপ্টেম্বর সালানপুর থানার জেমারি লাগোয়া একটি পেট্রল পাম্পে গুলি চালানোর ঘটনায় নাম জড়ায় এই যুবকের। আসানসোলে এসবি গড়াই রোডের একটি মদের দোকানে লুটপাটের ঘটনাতেও প্রতাপ জড়িত বলে পুলিশের ওই কর্তা দাবি করেছে। এ ছাড়াও, হিরাপুর থানা এলাকায় চুরি, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি ইস্কো কারখানার ঠিকাদার নিগ্রহ এবং লোহা পাচারের ঘটনাতেও প্রাতাপের নাম রয়েছে। পুলিশকর্তা আরও জানিয়েছেন, আসানসোল, সালানপুর, হিরাপুর, পুরুলিয়া–সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে প্রায় ২০টি অভিযোগ রয়েছে।


পুলিশ গোপন সূত্রে জানতে বুধবার সে নিজের বাড়িতে ফিরেছে। এর পরেই পুলিশ তাঁর বাড়িতে যায়। পুলিশ আসছে দেখে সেখান থেকে চম্পট দেয়। পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তার পরে ইসমাইল এলাকার একটি বাড়িতে গা ঢাকা দেয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে তাঁর কোনও খোঁজ মেলেনি। যে বাড়িতে লুকিয়ে রয়েছে তা নিশ্চিত হয় শুক্রবার সকালে। সেই বাড়িটি পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্যরা ঘিরে ফেলে। অভিযোগ, সেই সময়ও পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ। প্রতাপের ডান পায়ে গুলি লেগেছে। তাঁকে হাসপাতালের ভর্তি করানো হয়েছে।


Share