চাকরির টোপ দিয়ে ভারতে এনে ১৬৪ জন বিদেশি নাগরিককে সাইবার প্রতারণায় ‘বন্দি’, নয়ডায় উদ্ধার ইন্দোনেশিয়া-মালয়েশিয়ার যুবক-যুবতীরা

অভিযোগ, ভারতে আসার পরেই তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে কার্যত বন্দি করে রাখা হয়। এরপর জোর করে তাঁদের সাইবার জালিয়াতির কাজে ব্যবহার করা হত। এই ঘটনায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আন্তর্জাতিক মানব পাচার ও সাইবার প্রতারণা চক্রের হদিস পেল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ১২:৫৯

চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ভারতে এসেছিলেন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ১৬৪ জন যুবক-যুবতী। কিন্তু এ দেশে পা রাখার পরেই তাঁদের স্বপ্ন ভেঙে যায়। অভিযোগ, ভারতে আসার পরেই তাঁদের পাসপোর্ট কেড়ে নিয়ে কার্যত বন্দি করে রাখা হয়। এরপর জোর করে তাঁদের সাইবার জালিয়াতির কাজে ব্যবহার করা হত। এই ঘটনায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ আন্তর্জাতিক মানব পাচার ও সাইবার প্রতারণা চক্রের হদিস পেল। উত্তরপ্রদেশের নয়ডার একটি বাড়ি থেকে ১৬৪ জন বিদেশিকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া বিদেশিদের মধ্যে ৯২ জন ইন্দোনেশিয়ার এবং ৭২ জন মালয়েশিয়ার নাগরিক। তাঁদের পেইং গেস্ট হিসেবে বিভিন্ন জায়গায় রাখা হত। সেখান থেকে কাজের জায়গায় যাতায়াতের জন্য প্রায় ৪০ টি ক্যাব ব্যবহার করা হত। শুধু তাই নয়, ২৪ ঘণ্টাই তাঁদের উপর নজরদারি চালানো হত বলে তদন্তকারীদের দাবি। অভিযোগ, পাসপোর্ট কেড়ে নিয়ে তাঁদের দিয়ে সাইবার প্রতারণার কাজ করানো হত।

পুলিশ জানিয়েছে, প্রায় এক সপ্তাহ আগে একটি ই-মেলের মাধ্যমে তাঁরা এই চক্রের বিষয়ে তথ্য পায়। এরপর ক্রাইম ব্রাঞ্চ তদন্তে নামে। তদন্তের সূত্র ধরে নয়ডার সেক্টর ১৩৬-এর একটি বাড়িতে অভিযান চালায় আধিকারিকেরা। সেখান থেকেই ১৬৪ জন বিদেশিকে উদ্ধার করা হয়। তদন্তকারীদের অনুমান, বাড়িটি আন্তর্জাতিক মানব পাচার ও সাইবার জালিয়াতি চক্রের ঘাঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

এই ঘটনায় মালয়েশিয়ার নাগরিক ট্যান গুয়ান ওয়েইকে গ্রেফতার করেছে পুলিশ। তবে চক্রের দুই মূল অভিযুক্ত সুনীল কুমার এবং সুশীল ভাটি এখনও পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্তকারীরা উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, পঞ্জাব ও রাজস্থান-সহ একাধিক রাজ্যে অভিযান চালাচ্ছেন।

নয়ডার ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম ও নথিপত্র উদ্ধার হয়েছে। তালিকায় রয়েছে ৩৫৫টি মোবাইল ফোন, ১৬৮টি ডেস্কটপ কম্পিউটার, ২৬টি ল্যাপটপ, ৫৩টি সিম কার্ড এবং ১৭৪টি পাসপোর্ট। উদ্ধার হওয়া সিম কার্ডের মধ্যে ৩১টি আন্তর্জাতিক এবং ২২টি ভারতীয়। কীভাবে এই আন্তর্জাতিক চক্রের জাল বিস্তৃত ছিল এবং এর পিছনে আরও কারা রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে।


Share