Police Posting

রাজ‍্য পুলিশের সাইবার ক্রাইম সেলের ওএসডি পদে প্রাক্তন ডিজি পদমর্যাদার আধিকারিক, ক্ষুব্ধ আইপিএস মহলের একাংশ

গত শুক্রবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়। তাতে অবসরপ্রাপ্ত ডিজি সঞ্জয় সিংহকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে নিয়োগ করার কথা ঘোষণা করে নবান্ন। নির্দেশিকায় বলা হয়, প্রাক্তন ডিজিকে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটে পোস্টিং দেওয়ার কথা জানানো হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০২:২৪

রাজ‍্য পুলিশের সাইবার ক্রাইম সেলের অফিসার অন স্পেশ্যাল ডিউটি (ওএসডি) পদে সঞ্জয় সিংহকে নিয়োগ করেছে রাজ্য সরকার। তিনি অবসরপ্রাপ্ত ডিজি। সেখানে কর্মরত এডিজি পদমর্যাদার অশোককুমার প্রসাদকে টপকে অবসরপ্রাপ্ত ডিজিকে ওএসডি করা হয়েছে। নির্দেশ, সাইবার ক্রাইমের এডিজিকে অবসরপ্রাপ্ত ডিজিকে রিপোর্ট করতে হবে। আর তা নিয়ে আইপিএস মহলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

গত শুক্রবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়। তাতে অবসরপ্রাপ্ত ডিজি সঞ্জয় সিংহকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) পদে নিয়োগ করার কথা ঘোষণা করে নবান্ন। নির্দেশিকায় বলা হয়, প্রাক্তন ডিজিকে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেটে পোস্টিং দেওয়ার কথা জানানো হয়। এক বছরের জন্য এই পুনর্নিয়োগ কার্যকর থাকবে বলে নির্দেশ দেওয়া হয়। পুনর্নিয়োগের সময় প্রাক্তন ডিজি সঞ্জয় সিংহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হিসেবে প্রাপ্য বেতন ও অন্যান্য ভাতা পাবেন। ১৯৯২ ব‍্যাচের আইপিএস আধিকারিক সঞ্জয় সিংহ এর আগে সাইবার ক্রাইম সেলের ডিজি ছিলেন। 

এই পর্যন্ত ঠিক ছিল। সোমবার সকালে ঘটনার সূত্রপাত হয়। সূত্রের খবর, রাজ্য পুলিশের এক শীর্ষকর্তার মৌখিক নির্দেশে নিউটাউনে সাইবার ক্রাইম সেলের দফতরে গিয়ে ওএসডি হিসাবে দায়িত্বভার বুঝে নিতে যান প্রাক্তন ডিজি সঞ্জয় সিংহ। অভিযোগ, সেখানে সাইবার সেলের এডিজি অশোককুমার প্রসাদ তাঁকে চেম্বার এবং দায়িত্বভার হস্তান্তর করতে রাজি হননি। আইপিএস মহলের একাংশের দাবি, এর কারণ—এই ব্যাপারে অশোকবাবুর কাছে কোনও সরকারি নির্দেশিকা ছিল না। এর পরেই নাকি ক্ষুব্ধ হয়ে সঞ্জয় সিংহ দফতর ছেড়ে ফিরে আসেন।

দু’পক্ষের ঠান্ডা লড়াইয়ের আসরে নামতে হয় ভবানী ভবনকে। এরপরই রাজ‍্য পুলিশের ডিজির নির্দেশে তড়িঘড়ি আইজি (পার্সোনেল) ভি সলোমন নেশাকুমার একটি সরকারি নির্দেশিকা জারি করেন। সেই নির্দেশিকায় এডিজি সাইবার ক্রাইম সেলের মাথায় ওএসডি হিসাবে প্রাক্তন ডিজি সঞ্জয় সিংহকে বসানোর কথা জানিয়ে দেওয়া হয়। সূত্র মারফত আরও জানা গিয়েছে, ওএসডি দিসেবে সঞ্জয় সিংহ এখন থেকে কর্মরত সাইবার সেলের এডিজিকে অ্যাসাইনমেন্ট দেবেন। 

এমন নির্দেশিকা জারির পরই বেজায় চটেছে কর্মরত আইপিএস মহলের একাংশ। এই নির্দেশিকার আইনি বৈধতা কতটা তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে সরকার যা নির্দেশ দিয়েছে, তা মেনে চলাই একমাত্র কাজ বলেও মনে করছেন তাঁরা। 

উল্লেখ্য, তৃণমূল আমলে একাধিক অবসরপ্রাপ্ত আইপিএস এবং আইএএস আধিকারিকদের বিভিন্ন দফতরের ওএসডি হিসেবে নিয়োগ করেছিল। বিরোধী আসনে থাকাকালীন বিজেপির অভিযোগ ছিল— এ রাজ‍্যে বেকার যুবকদের চাকরি হয়নি। শুধুমাত্র কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিকের ‘ডবল ডবল’ চাকরি হয়েছে। নির্বাচনী প্রচারেও বিজেপি নেতাদের গলায় একাধিক বার এই অভিযোগ শোনা গিয়েছে। 

তবে বিজেপি ক্ষমতায় আসার পর তৃণমূল আমলে নিযুক্ত প্রায় ৪৫০ জন ওএসডির চাকরি এক ধাক্কায় বাতিল হয়ে যায়। তা নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছিল নবান্ন। বিজেপি সরকার নীতিগতভাবে ঘোষণা করেছিল যে, প্রাক্তন অফিসারদের তারা পুনর্নিয়োগ দেবে না। কিন্তু সেই ঘোষিত নীতি নিজেরা না-মানায়, সংশ্লিষ্ট মহলের ক্ষোভ বেড়েছে।


Share