Accident

রাসের মেলায় নাগরদোলায় কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রীরামপুরের কিশোরের, শোকের ছায়া এলাকায়

অভিযোগ, মায়ের বারণ সত্ত্বেও প্রতিবেশী কৈলাশ প্রসাদ জোর করে তাকে কাজে নিয়ে গিয়েছিলেন, যদিও অনুমতি নিয়েই নিয়ে যাওয়ার পাল্টা দাবি করেছেন কৈলাশবাবুর স্ত্রী।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০৮:১৩

রাসের মেলায় নাগরদোলা চালানোর কাজে গিয়ে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল হুগলির শ্রীরামপুরের এক নাবালকের। মৃত ওই কিশোরের নাম সূরজ কুমার সাউ (১৫)। সে শ্রীরামপুরের ঘোড়ামারা এলাকার বাসিন্দা এবং নবম শ্রেণীর ছাত্র ছিল। হাওড়ার আন্দুলে আয়োজিত রাসের মেলায় নাগরদোলা চালানোর কাজে গিয়েছিল সূরজ। 

অভিযোগ, এলাকারই বাসিন্দা কৈলাশ প্রসাদ তাকে কাজে নিয়ে গিয়েছিলেন। গতকাল দুপুরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। মেলায় নাগরদোলায় কাজ করার সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মৃত কিশোরের পিসতুতো দাদার দাবি, সূরজ নবম শ্রেণীর ছাত্র হওয়ায় তাকে কাজে নিয়ে যেতে বারণ করেছিলেন তার মা। কিন্তু সেই বারণ না শুনেই তাকে জোর করে কাজে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, জোর করে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কৈলাশ প্রসাদের স্ত্রী। তাঁর দাবি, এর আগেও সূরজ কাজে গিয়েছে। মেলায় গেলে বাড়তি কিছু রোজগার হয়, তাই তার মায়ের অনুমতি নিয়েই সূরজকে নিয়ে যাওয়া হয়েছিল।

হাওড়ায় মেলায় গিয়ে এভাবে এক কিশোরের অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে এসেছে শ্রীরামপুরের ঘোড়ামারা এলাকায়।


Share