Narendra Modi

সংবিধান দিবসে কংগ্রেসকে নিশানা মোদীর, ‘দিমাগি নকশাল’ কটাক্ষ প্রধানমন্ত্রীর

মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাস না-হওয়া নিয়ে নাম না-করে তিনি কংগ্রেসকে দায়ী করলেন। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, দেশের নারীশক্তিকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার পথে কোনও শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ ০৩:৪৭

সংবিধান দিবসে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আক্রমণের কেন্দ্রে প্রধান বিরোধী দল কংগ্রেস। মহিলা সংরক্ষণ বিল লোকসভায় পাস না-হওয়া নিয়ে নাম না-করে তিনি কংগ্রেসকে দায়ী করলেন। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, দেশের নারীশক্তিকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার পথে কোনও শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। শুধু তাই নয়, নকশালবাদ প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধীদের একাংশকে ‘দিমাগি নকশাল’ বলেও প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন।

বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষে একাধিক সংবাদপত্রে মোদীর লেখা নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে তিনি নিজের ক্ষোভের কথা জানিয়েছেন। রাজনৈতিক মহলের নজর রয়েছে এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশনের দিকেও। অধিবেশনের সমাপ্তি ঘোষণা না-করে লোকসভার স্পিকার ওম বিড়লা আপাতত মুলতুবি রেখেছেন। জল্পনা, চলতি মাসের শেষ অথবা ডিসেম্বরের গোড়ায় ফের অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল পাস করানোর চেষ্টা করতে পারে কেন্দ্র। কেন্দ্রীয় সূত্রের দাবি, বিল পাসের জন্য প্রয়োজনীয় সমর্থনও ইতিমধ্যে জোগাড় হয়েছে। এই পরিস্থিতিতে মোদীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত এপ্রিলে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতার অভাবে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস করাতে পারেনি মোদী সরকার। আইনসভায় মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে না-পারাকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। নিবন্ধে তাঁর বক্তব্য, “মহিলাদের উল্লেখযোগ্য অবদানকে স্বীকৃতি না-দিলে আমাদের সংবিধানের যাত্রাপথ অসম্পূর্ণ থেকে যাবে। বছরের শুরুর দিকে (মহিলা সংরক্ষণ বিল পাস না-হওয়া), তাতে আমাদের হৃদয় লজ্জায় ভরে গিয়েছে।”

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আইনসভায় মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিল আনা হলেও একটি বিরোধী দলের কারণে তা পাস করানো সম্ভব হয়নি। সরাসরি কোনও দলের নাম না-করলেও তাঁর নিশানায় যে কংগ্রেস, তা স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কংগ্রেসকে আক্রমণ করে মোদীর মন্তব্য, “দুঃখের বিষয় হল, প্রধান বিরোধী দল বিরোধিতার থেকে অবরোধ বেশি করে থাকে।”

দেশের মহিলাদের উদ্দেশে আশ্বাসের সুরেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “আমি ভারতের নারীশক্তিকে আশ্বস্ত করে বলছি যে, কোনও শক্তি আপনাদের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার কাজ থেকে আমাদের বিরত করতে পারবে না।” রাজনৈতিক মহলের মতে, ফের সংসদে বিল পেশের আগে বিরোধী শিবিরের একাংশের সমর্থন আদায়ের কৌশলও থাকতে পারে প্রধানমন্ত্রীর এই বার্তায়।

এ দিন নিজের নিবন্ধে নকশালবাদ নিয়েও সরব হয়েছেন মোদী। তাঁর দাবি, দেশকে নকশালবাদ থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। নকশালপন্থীরা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকার দরিদ্র মানুষের সংবিধানপ্রদত্ত অধিকার কেড়ে নিতেন বলেও অভিযোগ করেছেন তিনি। তবে নকশালবাদ শেষ হলেও দেশের উন্নয়নের পথে বাধা হয়ে রয়েছেন একাংশ, এমনই কটাক্ষ প্রধানমন্ত্রীর। তাঁর কথায়, “নকশালরা না-থাকলেও ‘দিমাগি নকশালরা’ রয়ে গিয়েছেন। তাঁরা দেশের উন্নয়নের অগ্রগতি রোখার চেষ্টা করে যাচ্ছেন।” সংবিধান দিবসে প্রধানমন্ত্রীর এই নিবন্ধ ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।


Share