Arrest

গুজরাটে জইশ-যোগের সন্দেহে গ্রেফতার অসমের যুবক, উদ্ধার AK-47 ও ২৩ রাউন্ড কার্তুজ

ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেল এবং ২৩ রাউন্ড তাজা কার্তুজ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত অসমের বাসিন্দা। কী উদ্দেশ্যে অসম থেকে গুজরাটে এসেছিল সে? কী ভাবে তার হাতে এল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র? কার কাছেই বা সেই অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল?

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, গুজরত
  • শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ ০১:২০

গুজরাটে ফের জঙ্গি-যোগের সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগের অভিযোগে ভদোদরা থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেল এবং ২৩ রাউন্ড তাজা কার্তুজ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত অসমের বাসিন্দা। কী উদ্দেশ্যে অসম থেকে গুজরাটে এসেছিল সে? কী ভাবে তার হাতে এল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র? কার কাছেই বা সেই অস্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল? তদন্তকারীরা এই সব প্রশ্নের উত্তর খুঁজছেন।

এটিএস সূত্রে খবর, শুক্রবার ভদোদরার জারোদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে উদ্ধার হয় একটি AK-47 রাইফেল ও ২৩ রাউন্ড কার্তুজ। ইতিমধ্যেই ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এটিএস। জইশের সঙ্গে তার যোগাযোগের ধরন, অস্ত্রের উৎস এবং এই চক্রে আর কারা জড়িত, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, কাশ্মীরে সাম্প্রতিক একের পর এক জঙ্গি হামলার আবহেই গুজরাটে এই গ্রেফতারির ঘটনা সামনে এল। গত ১১ নভেম্বর জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ওই ঘটনায় আহত হন তিন সিআরপিএফ কর্মী। এর ঠিক ২৪ ঘণ্টার মধ্যে কিস্তওয়ারের প্রত্যন্ত জঙ্গল এলাকায় দুই স্পেশাল পুলিশ অফিসার বাবি চাঁদ ও যশপাল কুমারকে হত্যা করে জঙ্গিরা।

এর পরেই কুলগামের লারু এলাকায় সেনা, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ তল্লাশি অভিযান শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো ওই অভিযানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় লস্কর-ই-তইবার দুই জঙ্গি। নিহতদের মধ্যে ছিল সংগঠনের অন্যতম মোস্ট ওয়ান্টেড কমান্ডার মহম্মদ লতিফ ভাট।

একের পর এক জঙ্গি হামলার ঘটনায় যখন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাড়তি সতর্কতা জারি রয়েছে, তখন ভদোদরায় AK-47-সহ জইশ-যোগের সন্দেহে এক ব্যক্তির গ্রেফতারি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। যদিও কাশ্মীরের সাম্প্রতিক হামলার সঙ্গে ধৃতের কোনও যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন এটিএস আধিকারিকেরা।


Share