Malda Flood

নাগাড়ে বৃষ্টিতে ফরাক্কায় লাইনের ধস, মাটি সরে গিয়েছে, ব‍্যাহত উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল

এর জেরে লাইন বসে গিয়েছে। এমন অবস্থায় কোনও ভাবেই ট্রেনগুলিকে ওই লাইন ধরে এগোতে দেওয়ার ঝুঁকি নিতে পারছে না রেল কর্তৃপক্ষ। এর ফলে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ির দিকে যাওয়া ট্রেনগুলি পরপর স্টেশনে দাঁড়িয়ে পড়েছে।

রাতেভর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবা।
নিজস্ব সংবাদদাতা, ফরাক্কা
  • শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৭

রাতেভর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবা। ফরাক্কার কাছে রেললাইনে ধস নেমেছে বলে জানা গিয়েছে। এর জেরে রেললাইন বসে গেল। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তিলডাঙা এবং নিউ ফরাক্কা স্টেশনের মাঝে লাইনে ধস নামে। রেলের লাইনে নীচে মাটি ধুয়ে চলে গিয়েছে। এর জেরে লাইন বসে গিয়েছে। এমন অবস্থায় কোনও ভাবেই ট্রেনগুলিকে ওই লাইন ধরে এগোতে দেওয়ার ঝুঁকি নিতে পারছে না রেল কর্তৃপক্ষ। এর ফলে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ির দিকে যাওয়া ট্রেনগুলি পরপর স্টেশনে দাঁড়িয়ে পড়েছে।

ঘটনাস্থলে রেলের আধিকারিকেরা পৌঁছেছেন। রেললাইন সারানোর কাজ চলছে। যাত্রীদের আশ্বস্ত করছে রেল কর্তৃপক্ষ। রেলের কথা শোনার আবেদন করা হয়েছে।

লাইনে ধসের ফলে উত্তরবঙ্গের একাধিক ট্রেন ঘণ্টার পর ঘণ্টা দেরিতে চলছে। মাঝপথে দার্জিলিং মেল, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। পূর্ব রেল সূত্রের খবর, ফরাক্কার বল্লারপুরে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। তার পিছনেই রয়েছে ইন্টারসিটি এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যোগবানী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস থমকে গিয়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন প্রচুর মানুষ। স্টেশনে এবং বিভিন্ন অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

শেষ পাওয়া খবর অনুযায়ী, একটি লাইন ব‍্যবহার করে ট্রেনগুলিকে চালানো হচ্ছে। তবে কতক্ষণে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়। তবে রেলের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে।


Share