Murder Case

স্ত্রীকে খুনের পর আত্মঘাতী স্বামী, মুর্শিদাবাদের বড়ঞায় জোড়া দেহ উদ্ধার

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে পরে স্বামী আত্মঘাতী হয়েছেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বড়ঞা
  • শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১০:৫৪

মুর্শিদাবাদের ভরতপুর ব্লকের বড়ঞা এলাকায় জোড়া মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘরের ভিতর থেকেই উদ্ধার হয়েছে স্বামী-স্ত্রীর নিথর দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরে এই বিপত্তি। স্ত্রীকে খুন করার পর স্বামী নিজে আত্মঘাতী হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম তাপসী দাস (৪২)। তাঁর স্বামী তাপস দাস (৪৫)। তাঁরা বড়ঞা থানার পছিপাড়া গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, পরিবারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। অভিযোগ, শনিবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। সেই সময় মহিলাকে প্রথমে মারধর করা হয়। পরে মুখে কাপড় বেঁধে শ্বাসরোধ করা হয়। অভিযোগ, মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়। এরপরই তাপস দাস গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। রবিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দু’টি উদ্ধার করে। এরপর কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এই ঘটনায় মৃতার ছেলে এবং তাঁর শাশুড়িকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।


Share