Cow Smuggling

নদিয়ায় গরু পাচারের অভিযোগে গ্রেফতার চার, উদ্ধার ন'টি গরু, অভিযুক্তদের হাজির করানো হবে আদালতে

নদিয়ার ধুবুলিয়া থানার পুলিশের অভিযানে গরু পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হবে।

ন'টি গরুও উদ্ধার হয়েছে
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ০৩:২৯

নদিয়ার ধুবুলিয়া থানার পুলিশের অভিযানে গরু পাচারের অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি ছোট চার চাকার পিকআপ ভ্যান থেকে ন'টি গরুও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ ভাবে নদিয়া থেকে মুর্শিদাবাদের দিকে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ধুবুলিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করে। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ন'টি গরু উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চার জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছে গাড়ির কোনও চালান ছিল না বলেই পুলিশ দাবি করেছে। 

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে তিনজনের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায়। আরেক অভিযুক্তের বাড়ি নদিয়ার ধুবুলিয়া থানার বটতলা এলাকায়।

ধৃতদের শনিবার কৃষ্ণনগর আদালতে তোলা হবে। ধুবুলিয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে, এই ঘটনার সঙ্গে কোনও বড় গরু পাচার চক্র জড়িত রয়েছে কি না।


Share