Road Accident

বাইকের গতিই কেড়ে নিল প্রাণ! কলকাতা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল কন্টেন্ট ক্রিয়েটর 'সুমন রাইডার'-এর

কলকাতা থেকে কাজ সেরে মুর্শিদাবাদে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হল সমাজমাধ্যমে 'সুমন রাইডার' নামে পরিচিত তরুণ কনটেন্ট ক্রিয়েটর সুমন শেখের।

তরুণ কনটেন্ট ক্রিয়েটর 'সুমন রাইডার'।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ০১ আগস্ট ২০২৬ ০৩:১০

নেশাই কেড়ে নিল তরুণের প্রাণ। বাইক ছিল নেশা। আর সেই নেশাকেই কেন্দ্র করে সমাজমাধ্যমে গড়ে উঠেছিল তরুণের আলাদা পরিচিতি। কলকাতা থেকে ফেরার সময় পথদুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের তরুণ কনটেন্ট ক্রিয়েটরের। মৃতের নাম সুমন শেখ। যিনি সমাজমাধ্যমে 'সুমন রাইডার' নামে পরিচিত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দ্রুত গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়েই তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুমনের বাড়ি মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার বেনিদাসপুর গ্রামে। তাঁর বাবার নাম সালাম শেখ। বাইক রাইডিংয়ের ভিডিও তৈরি করে সমাজমাধ্যমে 'সুমন রাইডার' নামে জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুমন।

জানা গিয়েছে, কনটেন্ট তৈরির কাজে তিনি কলকাতায় এসেছিলেন। কাজ শেষ করে বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাইকেই বাড়ির উদ্দেশে রওনা দেন। ফেরার পথে নদিয়ার কৃষ্ণনগর থানা এলাকার কাছে তাঁর বাইক দুর্ঘটনার কবলে পড়ে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, অত্যন্ত দ্রুত গতিতে তিনি বাইক চালাচ্ছিলেন। সেই সময় সুমন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাইক থেকে ছিটকে পড়ে যান। গুরুতর জখম হন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত মাসেও এক বাইক রাইডারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা দেবাহুতি বন্দ্যোপাধ্যায় ওড়িশা থেকে ফেরার পথে খড়্গপুর লোকাল থানার বালিহাটি এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার হন। কলকাতা থেকে আটটি বাইকে মোট ১৫ জন চাঁদিপুর বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে একটি গর্তে বাইকের চাকা পড়ে যাওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।


Share