Assembly Election

তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা, ভোটকেন্দ্রের সামনে বোমাবাজি, জখম একজন

জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দলীয় এক কর্মীর বাড়িতে বসে বৈঠক করছিলেন তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তখনই এই বোমাবাজির ঘটনাটি ঘটেছে।

টহল দিচ্ছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, নওদা
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১১:৩৬

বিধানসভা ভোটের ঠিক তার আগের রাতেই বোমাবাজির মুর্শিদাবাদের নওদা বিধানসভার শিবনগর এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে। বুধবার রাতে ভোটকেন্দ্রের সামনেই ঘটনাটি ঘটেছে বলে দাবি করা হয়েছে। বোমাবাজির সময়ে উপস্থিত ছিলেন নওদা বিধানসভার তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। তবে বোমার আঘাতে এক স্থানীয় মহিলা জখম হয়েছেন। ঘটনায় অভিযোগ উঠছে হুমায়ুন কবিরের উন্নয়ন পার্টির আশ্রিত দুষ্কৃতীদের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করছেন উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির।

বুধবার শিবনগর প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্র থেকে মাত্র ৫০ মিটার দূরে বোমাবাজির ঘটনা ঘটে। ঘটনাস্থলের ঢিল ছোড়া দূরত্বেই ভোটকেন্দ্র পাহারা দিচ্ছিল কেন্দ্রীয় বাহিনী। তাদের সামনে কী ভাবে এই বোমাবাজি হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন। ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেন, “একটা ঘটনার খবর পেয়েছি। জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে।”

স্থানীয় সাংসদ আবু তাহের খানের দাবি, রাতের অন্ধকারে এলাকার সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা হয়েছে। ভোটারদের ভয় দেখাতে এই বোমাবাজি করা হয়েছে।

জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ দলীয় এক কর্মীর বাড়িতে বসে বৈঠক করছিলেন তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খান। তখনই এই বোমাবাজির ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবনগর এলাকায় গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। মঙ্গলবারও এই এলাকায় তৃণমূলের দুই কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছিল হুমায়ুন কবিরের অনুগামীদের বিরুদ্ধে। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে ফের বোমাবাজির ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়েই নওদা থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছোয়। পরিস্থিতি বর্তমানে থমথমে থাকলেও এলাকায় টহল দিচ্ছে পুলিশ। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন করতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।


Share