TMC Leader Arrested

বাংলা আবাস দুর্নীতিতে বড় পদক্ষেপ! উপভোক্তাদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতার ঘনিষ্ঠরা

শনিবার তাঁদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৮:১৭

বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী এবং পঞ্চায়েতের দুই প্রাক্তন সদস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ শ্রীহট্ট গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। শনিবার তাঁদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

ধৃতদের মধ্যে রয়েছেন বড়ঞা ব্লকের সাবলপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীহট্ট গ্রামের বর্তমান তৃণমূল সদস্য সকেরা বিবির স্বামী সুফল রহমান, প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রশান্ত কুমার পাল, উৎপল বাগদি এবং মানিক বায়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীহট্ট গ্রামের বাসিন্দা অঙ্গরী দত্তের লিখিত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অঙ্গরী দত্ত-সহ একাধিক উপভোক্তার কাছ থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, ধৃতদের মধ্যে প্রশান্ত কুমার পাল আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা আবাস নির্মাণের জন্য টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানা যায়। যদিও অভিযোগের সম্পূর্ণ দায় তিনি স্বীকার করেননি।

এই আর্থিক দুর্নীতির সঙ্গে আর কারা জড়িত এবং কত জন উপভোক্তা প্রতারণার শিকার হয়েছেন, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে বড়ঞা থানার পুলিশ। তদন্তকারীদের মতে, পুরো ঘটনার পেছনে আরও বড় কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


Share