Police Injured

সালারে জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ, বোমার আঘাতে জখম এএসআই, চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে

ঘটনাস্থল পরিদর্শন করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পদস্থ আধিকারিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বোমাবাজির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বেশ কয়েক জনকে আটক করেছে।

জখম পুলিশ আধিকারিকের নাম সাদেক আলি।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫২

মুর্শিদাবাদের সালারে জুয়ার ঠেক ভাঙতে গিয়ে আক্রান্ত পুলিশ আধিকারিক। সালার থানার এলাকার খাঁড়েরা গ্রামে ঘটনাটি ঘটেছে। সেখানে জুয়ার ঠেকে অভিযান চালানোর সময় পুলিশকে লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেই বোমাতেই আক্রান্ত হয়েছেন সালার থানার বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন সালার থানার এএসআই সাদেক আলি। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা গিয়েছে, রবিবার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ খাঁড়েরা এলাকায় অভিযান চালায়। সেখানেই চলছিল জুয়ার ঠেক। থানার এএসআই সাদেক আলির নেতৃত্বে পুলিশের ওই দলটি সেখানে যায়। পুলিশকে দেখতেই জুয়ার ঠেকে থাকা লোকজন পালাতে শুরু করে। এই পালানোর সময় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

বোমাবাজির মাঝে একটি বোমা এএসআই সাদেক আলির গায়ে এসে লাগে। বোমাবাজির ঘটনায় সাদের আলি ছাড়াও একাধিক পুলিশকর্মী জখম হয়েছেন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে এএসআই সাদেক আলিকে প্রথমে সালার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেলে স্থানান্তরিত করানো হয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার পদস্থ আধিকারিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বোমাবাজির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বেশ কয়েক জনকে আটক করেছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কী কারণে পুলিশের ওপরে এই হামলা চালানো হল, তা খতিয়ে দেখছে সালার থানার পুলিশ।


Share