Mid-day Meal

পড়ুয়াদের খাবার থেকে বঞ্চিত করে শিক্ষকদের ব্যক্তিগত অনুষ্ঠান পালন! মিড-ডে মিলের খাবার নিয়ে অনিয়মের অভিযোগ নদিয়ার স্কুলে

নদিয়ার শান্তিপুরের নতুনপাড়া জনকল্যাণ বুনিয়াদি শিক্ষালয়ে মিড-ডে মিলের খাবার নিয়ে অনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও স্থানীয়রা।

স্কুলের সামনে স্থানীয়দের বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৫:৫২

নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত নতুনপাড়া জনকল্যাণ বুনিয়াদি শিক্ষালয়ে মিড-ডে মিলের খাবার নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, পড়ুয়াদের জন্য বরাদ্দ খাবার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। তার পরিবর্তে স্কুলের ভেতরেই শিক্ষকদের জন্মদিন ও বিবাহবার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। এমনকি ছাত্রছাত্রীদের জন্য রান্না করা খাবার নিয়মিত বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও ওঠে।

অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই তাঁরা লক্ষ্য করছেন মিড-ডে মিলের খাবার সঠিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে না। তাঁদের অভিযোগ, কখনও মিড-ডে মিল কর্মীরা, আবার কখনও শিক্ষকদের জন্য আলাদা করে বিশেষ রান্না করা হয়। এতে পড়ুয়াদের প্রাপ্য খাবার কমে যাচ্ছে। এই ঘটনার প্রতিবাদে এ দিন স্থানীয় ও অভিভাবকরা স্কুলে জড়ো হন। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তাঁরা।

এ দিকে অভিযোগের পাল্টা অভিযোগ উঠেছে স্কুলের ভেতরেই। শিক্ষকদের দাবি, মিড-ডে মিল কর্মীরাই নিয়মিত ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ খাবার, এমনকি মাংসও বাড়িতে নিয়ে যান। অন্য দিকে মিড-ডে মিল কর্মীদের অভিযোগ, খাবার আত্মসাতের সঙ্গে শিক্ষকরাই জড়িত। তাঁদের আরও দাবি, শিক্ষকদের জন্মদিন বা বিবাহবার্ষিকীর মতো ব্যক্তিগত অনুষ্ঠানও বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার ব্যবহার করেই পালন করা হয়।

স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অনামিকা সাহা অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষকরা কোনও খাবার বাড়িতে নিয়ে যান না। তবে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের কারণে বিশেষ রান্নার ব্যবস্থা করা হয়েছিল বলে তিনি স্বীকার করেন। যদিও এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান বিদ্যালয়ে পালন করা উচিত কি না, সেই প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কিছু বলতে চাননি।

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ স্কুলে পৌঁছোয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share