Mob Lynching

খড়্গপুরে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ, গ্রেফতার দু'জন, আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন

গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে খড়্গপুর থানা-র পুলিশ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গুজব রটানো ও আইন নিজের হাতে তুলে নিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, খড়্গপুর
  • শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৭

চোর সন্দেহে গণপিটুনিকে ঘিরে উত্তেজনা। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর থানা এলাকার পাঁচপাড়া গ্রামে এক যুবককে চোর সন্দেহ করা হয়। তার জেরেই তাকে বেধড়ক মারধরও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক বিষ্ণপুরের সবং ব্লকের বাসিন্দা। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ভুলবশত পাঁচপাড়া গ্রামে ঢুকে পড়েন। সেই সময় স্থানীয় কিছু বাসিন্দা তাঁকে চোর সন্দেহে আটক করেন। অভিযোগ, তাঁকে একটি আলোকস্তম্ভে বেঁধে রাখা হয়। দীর্ঘক্ষণ ধরে মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবক হাতজোড় করে নির্দোষ দাবি করলেও কেউ তাঁর কথা শোনেননি। ঘটনার খবর পেয়ে খড়্গপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য, কয়েক দিন আগেই চোর সন্দেহে এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে গণপিটুনির অভিযোগে মৃত্যু হয়েছে। কর্মস্থলের পরিচয়পত্র দেখিয়েও রেহাই পাননি তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ধরনের ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের অন্দরমহলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় গুজব রটানো বা আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বরদাস্ত করা হবে না। যে বা যাঁরা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে।


Share