ABVP

রানাঘাট কলেজে ছ’দফা দাবিতে এবিভিপির স্মারকলিপি, সরগরম ছাত্র রাজনীতি

সংগঠনের দাবি, নেশামুক্ত ও র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস, নিরাপত্তা বৃদ্ধি এবং লিংডো কমিশন মেনে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা

রানাঘাট কলেজ
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৭:১৮

রাজ্যে পালা বদলের সাথে সাথে স্কুল-কলেজের ছাত্র রাজনীতিতেও বদল ঘটেছে। রানাঘাট কলেজে পড়ুয়াদের স্বার্থ ও কলেজের সার্বিক উন্নয়নের দাবিতে এ বার সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বুধবার কলেজের অধ্যক্ষের কাছে ছ’দফা দাবিতে স্মারকলিপি জমা দেয় সংগঠনের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে কলেজ চত্বরে ছাত্র রাজনীতির নতুন সমীকরণ নিয়েও জল্পনা শুরু হয়েছে।

এবিভিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই কলেজে ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধান ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তোলার দাবি উঠছিল। সেই দাবিগুলিকেই সামনে রেখে এদিন সংগঠনের প্রতিনিধিরা অধ্যক্ষের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন।

সংগঠনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে— কলেজ ক্যাম্পাসকে নেশামুক্ত ও র‍্যাগিং মুক্ত ঘোষণা করা।বহিরাগতদের অবাধ প্রবেশে নিয়ন্ত্রণ আনা।ছাত্রছাত্রী ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা। লিংডো কমিশনের সুপারিশ মেনে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা। পাশাপাশি, কলেজে এবিভিপির একটি সাংগঠনিক ইউনিট খোলার অনুমতি এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক একটি নির্দিষ্ট কক্ষ বরাদ্দের আবেদনও জানানো হয়েছে।

এবিভিপি নেতৃত্বের দাবি, কোনও রাজনৈতিক সংঘাত নয়, বরং কলেজের সুস্থ পরিবেশ বজায় রাখা ও ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের কথায়, শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনেরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।

অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সংগঠনের তরফে জমা দেওয়া দাবিপত্র খতিয়ে দেখা হবে। নিয়ম মেনেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে কলেজের ছাত্রমহলে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে।


Share