Theft

বর্ধমানে বাগ এক্সপ্রেসে সংরক্ষিত কামরায় চুরির অভিযোগ, বর্ধমান স্টেশন থেকে ধৃত এক যুবক

অভিযোগ, ট্রেন বর্ধমান ছাড়ার পরই ব্যক্তি ব্যাগ নিয়ে পালায়। ব্যাগে সোনার গয়না ও গুরুত্বপূর্ণ নথি ছিল। ধৃতকে আদালত থেকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৩

দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরা থেকে এক যাত্রীর ব্যাগ চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করল বর্ধমান জিআরপি। ধৃতের নাম আজিজুল সর্দার। শুক্রবার বর্ধমান স্টেশন চত্বর থেকে তাকে আটক করা হয়।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, মুকেশ কুমার বিহারের মধুবনী থানার গান্ধীচক এলাকার বাসিন্দা। গত ২৮ জানুয়ারি তিনি সপরিবারে মুজফ্‌ফরপুর থেকে হাওড়া যাচ্ছিলেন। তাঁরা বাগ এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় যাত্রা করছিলেন। অভিযোগ, ট্রেন বর্ধমান স্টেশন ছাড়ার পরই এক যুবক তাঁদের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া ব্যাগে সোনার গয়না- সহ এটিএম কার্ড, মোবাইল ফোন,প্যান কার্ড, আধার কার্ড ছিল। হাওড়া পৌঁছে মুকেশ কুমার জিআরপির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর এফআইআর নথিভুক্ত করা হয়। তদন্তভার বর্ধমান জিআরপির হাতে তুলে দেওয়া হয়।

 শুক্রবার ভোরে বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় আজিজুলকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আটক করা হয়। পুলিশ দাবি করেছে, প্রাথমিক জেরায় সে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, চুরি করা সামগ্রী ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছে। ধৃত আজিজুল সর্দারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুড়ালি সাহাপুর এলাকায়। শুক্রবারই তাকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। চুরি হওয়া সামগ্রী উদ্ধারের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় জিআরপি। আদালত তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।


Share