Drug Seized

নবদ্বীপের স্বরূপগঞ্জে বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও লক্ষাধিক টাকা উদ্ধার, মাদক মামলায় রুজু করল পুলিশ

স্বরূপগঞ্জের টেংরা এলাকা থেকে থেকে ৮৫ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়।নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জে একটি বাড়িতে পুলিশের তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজা ও লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে।

উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ০৬:১৫

নদিয়ার নবদ্বীপের স্বরূপগঞ্জে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা এবং লক্ষাধিক টাকা নগদ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীহরিপাড়া এলাকায় ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার প্রথমে স্বরূপগঞ্জের টেংরা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৫ বোতল অবৈধ মদ উদ্ধার করে বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার সদস্যরা। এরপর তাঁরা জনকল্যাণ ক্লাব সংলগ্ন শ্রীহরিপাড়ার একটি বাড়িতে যান। এলাকাবাসীর অভিযোগ, ওই বাড়ির এক প্রবীণ মহিলা দীর্ঘদিন ধরে সেখানে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।

অভিযোগের ভিত্তিতে বিজেপি কর্মীরা ওই বাড়িতেও পৌঁছোয়। সেখানে বিপুল পরিমাণ গাঁজা দেখতে পান বলে দাবি করেন। এরপর সঙ্গে সঙ্গে নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজা এবং নগদ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া গাঁজা ও নগদ টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নবদ্বীপ থানার পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


Share