Shoot Out

শমসেরগঞ্জে হোটেল ব্যবসায়ীকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

নতুন ডাকবাংলা এলাকায় জাতীয় সড়কের ধারে নিজের হোটেলে বসে থাকার সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় রাহুল বিশ্বাসের।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, শমসেরগঞ্জ
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:২৫

মুর্শিদাবাদের শমসেরগঞ্জে গুলি করে এক যুবককে খুন করার ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে শমসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায় জাতীয় সড়কের ধারে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস (৩৪)। তিনি স্থানীয় তারবাগান এলাকার বাসিন্দা। পেশায় একজন হোটেল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে নিজের হোটেলেই বসে ছিলেন রাহুল। সেই সময় আচমকা এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হোটেলে ঢুকে পড়ে। রাহুলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালান হয়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় রাহুলের দেহ। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু হলে দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় রাহুল বিশ্বাসকে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই পথেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার খবর পেয়ে শমসেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায় পৌঁছোন ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এলাকায় পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত খুনের প্রকৃত কারণ জানা যায়নি। কী কারণে এই খুন, তার নেপথ্যের রহস্য পুলিশ খতিয়ে দেখছে। অভিযুক্ত দুষ্কৃতীর সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।


Share