Special Intensive Revision

কর্তব্যে গাফিলতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আরও সাত আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ নির্বাচন কমিশনের

মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কমিশন‌ নির্দেশ দিয়ে জানিয়েছে, ওই সাত আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করতে হবে। এই নির্দেশ মানায় দেরি করা চলবে না। এই নির্দেশ পাওয়ার পরে রাজ্য কী পদক্ষেপ করছে, তা-ও নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৬

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি শেষ হয়েছে। এ বার ‘একশন মুডে’ নির্বাচন কমিশন। আরও সাত জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের মুখ‍্যসচিবের কাছে পৌঁছে গিয়েছে।

এর আগে বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভার দু’জন ইআরও এবং দু’জন এইআরও-র বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছিল নির্বাচন কমিশন। তাঁদের সাসপেন্ড করে এফআইআর দায়ের করতে বলা হয়েছিল। সাসপেন্ড করা হলেও এফআইআর হয়নি। বারবার বলার পরে সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। আগামী মঙ্গলবারের মধ্যে কমিশনের নির্দেশ কার্যকর করতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

এরই মধ্যে রবিবার আরও সাত আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এসআইআরের কাজে তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ করেছে নির্বাচন কমিশন।

এই সাত জনের মধ্যে তিন‌ জনই রয়েছেন মুর্শিদাবাদ জেলার, দু’জন দক্ষিণ ২৪ পরগনার, একজন জলপাইগুড়ির এবং এক জন পশ্চিম মেদিনীপুরের আধিকারিক। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের দুই এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের সমশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, ফরাক্কার এইআরও নীতীশ‌ দাস, সুতির এইআরও শেখ মুর্শিদ আলমকে এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন।

মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কমিশন‌ নির্দেশ দিয়ে জানিয়েছে, ওই সাত আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করতে হবে। এই নির্দেশ মানায় দেরি করা চলবে না। এই নির্দেশ পাওয়ার পরে রাজ্য কী পদক্ষেপ করছে, তা-ও নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে।


Share