T-20 Cricket World Cup

কলম্বোয় উড়ল তেরঙ্গা, পাকিস্তানকে দুরমুশ করে ৬১ রানে জিতল ভারত, সুপার এইটে জায়গা পাকা করে নিল ‘টিম ব্লু’

দু’দেশেরক ম্যাচ এখন কেবল নামেই মহারণ। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ৭-১ থেকে এখন ৮-১ হয়ে গেল।

ঈশান কিশান এবং তিলক বর্মা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৮

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বিজয়ধ্বজ ওড়াল ভারত। রবিবার পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। কবে কোথায় সেই ম‍্যাচ হবে তা-ও কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।

ফেব্রুয়ারির প্রথম দিনেই টি-২০ বিশ্বকাপে ভারত বিরুদ্ধে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। সেই সিদ্ধান্তে অটুট থাকলে রবিবারের ম্যাচই হত না। হয়তো লজ্জার হাত থেকেও বেঁচে যেত পাকিস্তান। আট দিনে বয়কটের সিদ্ধান্ত বদলায় তারা।

ঘটনার প্রভাব যে শুধু পাকিস্তানের ওপরেই পড়েছে, রবিবারের ম্যাচে সেটা স্পষ্ট হয়ে গেল। দেখা গেল, দু’দেশেরক ম্যাচ এখন কেবল নামেই মহারণ। টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ৭-১ থেকে এখন ৮-১ হয়ে গেল।

ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ঈশানের কিশানের ব্যাটিং। কিন্তু গোটা দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা না থাকলে এই জয় আসত না। ফিল্ডিংয়ের সময় সূর্যকুমার যাদব সাহসী কিছু সিদ্ধান্ত নেন, যা দিনের শেষে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

রবিবার কলম্বোর মাঠে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করে ফেলেছে ভারত। সেখানে তিনটি ম্যাচ খেলতে হবে সূর্যকুমার যাদবদের। কবে কবে সেই ম্যাচ হবে তা-ও জানা গিয়েছে।

আগামী ১ মার্চ সুপার এইটের ম্যাচ রয়েছে। সে দিন কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ হবে। এই ম্যাচের সূচী ঠিক হয়ে গিয়েছে। ভারতের বাকি দুই ম্যাচ ২২ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি। ২২ তারিখ অহমদাবাদ ও ২৬ তারিখ চেন্নাইয়ের মাঠে খেলা। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা ও ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের খেলা পড়বে। প্রতিটি ম‍্যাচই শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।


Share