Assembly Election

বিজেপির জয়লাভের আনন্দ, খুশির আমেজে বিনামূল্যে ডালপুরী-চা খাওয়ালেন বালুরঘাটের দুই ব্যবসায়ী উত্তম-বিশু

উত্তম রবিদাস ও বিশু সরকার মঙ্গলবার সকাল থেকেই সত্যজিৎ মঞ্চের সামনের দোকানে বালুরঘাটের সকল মানুষকে বিনামূল্যে সকালের খাওয়ার খাওয়াচ্ছে।

বালুরঘাটে বিনামূল্যে ডালপুরী খাওয়ানো হচ্ছে
অরুণিমা কর্মকার, বালুরঘাট
  • শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ০৬:২০

রাজনৈতিক পালাবদল। তারপরেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ছড়িয়ে পড়ল খুশির আমেজ। সেই খুশির আমেজ এ বার দেখা গেল ডালপুরীর প্লেট আর চায়ের কাপে।

সারা রাজ্যে যখন বিজেপির খুশির আমেজ তখনই বালুরঘাটের দুই ব্যবসায়ী তাদের জমানো পুঁজি খরচ করল আনন্দোৎসবে। উত্তম রবিদাস ও বিশু সরকার মঙ্গলবার সকাল থেকেই সত্যজিৎ মঞ্চের সামনের দোকানে বালুরঘাটের সকল মানুষকে বিনামূল্যে সকালের খাওয়ার খাওয়াচ্ছে। আর সেই খাওয়ার খেতেই ভিড়ে ঠাসা দুই দোকান।

রঘুনাথপুর এলাকার ডালপুরী ব্যবসায়ী উত্তম দাস মঙ্গলবার সকাল সাতটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিনামূল্যে গরম খাস্তা ডালপুরী খাওয়াচ্ছেন। কোনো সাহায্য বা অনুদান নয়, তাঁর নিজের জমানো পয়সা থেকেই তিনি খাওয়াচ্ছেন। কিন্তু কেন এই উদ্যোগ? এই কথা জিজ্ঞাসা করতেই উত্তমবাবুর কন্ঠে শোনা গেল দীর্ঘদিনের জমা থাকা ক্ষোভের সুর। তিনি বললেন, “গত ১৫ বছরে রাজ্যে কোনো শিল্প হয়নি। শিক্ষিত যুবকরা কর্মসংস্থান না পেয়ে টোটো চালাচ্ছে কিংবা রাস্তার ধারে ঘুগনি বিক্রি করছে। এই অবস্থার পরিবর্তন দরকার ছিল। তাই বিজেপির জয়ে আমি সাধারণ মানুষকে ডালপুরি খাওয়াচ্ছি।”

পাশাপাশি, ডি মোড় সংলগ্ন সত্যজিৎ মঞ্চের পাশে ছোট এক চায়ের দোকানের মালিক বিশু সরকার সকাল থেকে রাত পর্যন্ত বিনামূল্যে চা ও বিস্কুট বিলি করেছেন। শুধু বিধানসভা নির্বাচন নয়, লোকসভা নির্বাচনের সময়ও তিনি একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো কাজও করেছিলেন তিনি। তিনি বলেন, “কথা দিয়েছিলাম রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে চা খাওয়াবো। সেই কথা রাখতেই সকাল থেকে রাত পর্যন্ত যে দোকানে এসেছে তাকেই চা দিয়েছি।” তাঁর দোকানে রাজনৈতিক আড্ডায় শামিল হয়েছিলেন বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্তও।

আর্থিক স্বচ্ছলতা নেই। সংসার জীবন কাটে টানাপোড়নের মধ্য দিয়েই। তারপরেও এমন প্রতিশ্রুতি দিয়ে সেই কথা রাখার মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাট-সহ পুরো দক্ষিণ দিনাজপুরবাসীরা। বিজেপির ক্ষমতায় আসা, জয় শ্রীরাম ধ্বনি আর ডালপুরী-চায়ের স্বাদ সমস্তকিছু মিলিয়েই এক স্মরণীয় ও আবেগঘন মূহুর্তের সাক্ষী থাকল সকলে। 


Share