Assembly Election 2026

বালুরঘাটের বিভিন্ন এলাকায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, স্পর্শকাতর এলাকায় রুট মার্চ শুরু, স্থানীয়দের সঙ্গে কথা বললেন আধিকারিকেরা

এদিন সকালেও বটুন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একই ভাবে রুট মার্চ করা হয়। জনবহুল বাজার, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা এবং গ্রামীণ সড়কে টহল দিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়।

প্রতীকী চিত্র।
অরুণিমা কর্মকার, বালুরঘাট
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৪:৩৪

রবিবার বিকেল থেকেই বালুরঘাটে রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। পতিরাম এলাকার পাগলিগঞ্জ-সহ একাধিক স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করে। জেলা প্রশাসন সূত্রের খবর, নির্বাচন কমিশনের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রুট মার্চে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ এবং পতিরাম থানার আধিকারিক উপস্থিত ছিলেন। বাহিনীর সদস্যেরারা গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকাগুলি পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তাঁরা।

এ দিন সকালেও বটুন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একই ভাবে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। জনবহুল বাজার, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা এবং গ্রামীণ সড়কে টহল দিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। সাধারণ মানুষের মধ্যে যাতে আতঙ্ক বা গুজব ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও বিশেষ নজর রাখা হয়।

উল্লেখ্য, সম্প্রতি এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগ সামনে এসেছে। পাশাপাশি, অনেকের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় থাকায় কিছুটা উদ্বেগ ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতেই প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার এবং কোনও ধরনের গুজবে কান না দেওয়ার আবেদন জানানো হয়েছে।


Share