YBK

হাতে গীতা, মুখে নীরবতা, যুবভারতী মেসি কাণ্ডে বিধাননগর মহকুমা আদালতে হাজির ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্ত

হাতে গীতা, মুখে নীরবতা। মেসি কাণ্ডে ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্ত ফের আদালতে। যুবভারতী বিশৃঙ্খলা ঘিরে আর্থিক লেনদেন ও ফোন যোগাযোগ খতিয়ে দেখছে সিট।

(বাঁ দিকে) শতদ্রু দত্ত (ডান দিকে) হাতে গীতা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৩:২৫

পরনে কালো রঙের সোয়েটশার্ট ও ট্রাউজার্স, মুখে সাদা মাস্ক, মাথায় কালো টুপি। ডান হাতে ধরা গীতা এই অবস্থাতেই বিধাননগর মহকুমা আদালতে হাজিরা দিলেন মেসি কাণ্ডে ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্ত। আদালতে ঢোকার সময় কোনো মন্তব্য করেননি তিনি।

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসিকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে গ্রেফতার হওয়া শতদ্রুকে একাধিক দফায় জিজ্ঞাসাবাদ করেছেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। পাশাপাশি, সংশ্লিষ্ট অনুষ্ঠানের অনলাইন টিকিট বিক্রির সংস্থার এক শীর্ষ কর্তাকেও জেরা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তের স্বার্থে শতদ্রুর তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর গ্রেফতারির পরপরই রিষড়ায় থাকা তাঁর বাসভবনেও তল্লাশি চালায় পুলিশ।

গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামে ভাঙচুর চালায় এবং চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেই ঘটনার দায় উদ্যোক্তা শতদ্রুর ওপরই চাপিয়েছে প্রশাসন। বিধাননগর দক্ষিণ থানার হেফাজতে থাকা শতদ্রুকে এর আগে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।

পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর রবিবার ফের তাঁকে আদালতে তোলা হয়। যুবভারতী কাণ্ডের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল এখন অনুষ্ঠানকে ঘিরে হওয়া আর্থিক লেনদেন, পাশাপাশি মেসি-কাণ্ডের আগে ও পরে শতদ্রু কার কার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তা তদন্ত করে দেখছে।


Share    

YBK