Abduction

কাজের টোপ দিয়ে ফুটপাতে বসবাসকারীর শিশুকে অপহরণের অভিযোগ, বকুলতলা থেকে গ্রেফতার অভিযুক্ত-সহ তিনজন, উদ্ধার ছ’মাসের শিশু

ট্যাক্সিটি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে পৌঁছোলে ওই মহিলা আজমিরাকে ট্যাক্সি থেকে নেমে যেতে বলেন। কথা শুনে আজমিরা ট‍্যাক্সি থেকে নেমে পড়েন। অভিযোগ, এর পরেই অভিযুক্ত মহিলা তাঁর ছ’মাসের শিশুটিকে ট্যাক্সিতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪

কাজের টোপ দিয়ে মহিলা সঙ্গে আলাপ জমায় আরেক মহিলা। এর পরেই তাঁর ছ’মাসের শিশুকে অপহরণ করে চম্পট দেয়। থানায় অভিযোগ দায়ের করেন ওই ফুটপাতবাসী। তাঁকে দক্ষিণ ২৪ পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধৃতকে আদালতে হাজির করানো হয়েছে।

কয়েক দিন আগে গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে ঘটনাটি ঘটেছিল। আজমিরা মোল্লা নামে এক মহিলার অভিযোগ, তাঁর সঙ্গে ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই মহিলা গড়িয়াহাটের ফুটপাতে নিয়মিত যেতেন। তাঁর শিশুকে আদর করতেন। পরিচয় বাড়তে থাকায়, আজমিরাকে কাজের টোপ দেওয়া হয়। মোটা অঙ্কের টাকার কাজ পাইয়ে দেবে বলে গত ৩০ অগস্ট সকাল প্রায় ৯টা ৪৫ মিনিটে ওই মহিলা আজমিরা ও তাঁর ছ’মাসের শিশুকে সঙ্গে নিয়ে গড়িয়াহাট ফ্লাইওভারের কাছ থেকে একটি ট্যাক্সিতে উঠতে বলেন। ট্যাক্সিটি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে পৌঁছোলে ওই মহিলা আজমিরাকে ট্যাক্সি থেকে নেমে যেতে বলেন। কথা শুনে আজমিরা ট‍্যাক্সি থেকে নেমে পড়েন। অভিযোগ, এর পরেই অভিযুক্ত মহিলা তাঁর ছ’মাসের শিশুটিকে ট্যাক্সিতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনায় পরে এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোয়। পরবর্তীতে বেনিয়াপুকুর থানায় আজমিরা লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন‍্যায় সংহিতার ১৪০(৩) নম্বর ধারা অনুযায়ী অপহরণের অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। তা দেখেই ট্যাক্সিটিকে চিহ্নিত করে পুলিশ। ওই দিনই ট্যাক্সিচালককে গ্রেফতার করা হয়। পাশাপাশি গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে আরেক ফুটপাতে বসবাসকারী বন্দনা রায় নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের খবর, বন্দনাকে জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত তরুণী মধু শেখের (২৫) পরিচয় তদন্তকারীরা জানতে পারেন। মধু শেখ দক্ষিণ ২৪ পরগনার বাকুলতলা থানার অন্তর্গত মনিরতটের বাসিন্দা। সোমবার ভোরবেলা মধু শেখকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকেই অপহৃত ছ’মাসের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে অভিযুক্তদের আদালতে হাজির করানো হয়েছে। তিন জনকেই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।


Share