Metro Update

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা! প্রায় আধঘন্টা বন্ধ থাকার পর চালু হল পরিষেবা, উদ্ধার করল পুলিশ

গত শনিবারও দুপুর ১টা নাগাদ ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। সে বার বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানান, ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণে একটি আপ ট্রেন কিছু ক্ষণের জন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য থামানো হয়েছিল।

প্রায় দেড় ঘন্টা ব্যাহত পরিষেবা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ০২:৪১

ফের 'ব্লু' লাইনে আত্মহত্যার চেষ্টা। সেখানে মহিলাকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর ফলে বেশ কিছু ক্ষণ মেট্রো পরিষেবা থমকে যায়। পরে দুপুর ১টা ৩০ নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে এক মধ্যবয়স্কা কালীঘাট মেট্রো স্টেশনে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।  দুপুর ১টা নাগাদ এই ঘটনা ঘটে। এর ফলে প্রায় আধা ঘন্টা মেট্রো পরিষেবা ব্যাহত হয়। 

কর্তৃপক্ষের তরফ থেকে তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে মেট্রো কর্তৃপক্ষ জানান, আত্মহত্যার চেষ্টা করেছিলেন মধ্যবয়স্কা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, মেট্রো লাইনে ঝাঁপ দেওয়ার ফলে গুরুতর আঘাত লেগেছে ওই মহিলার। দ্রুত চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্য দিকে, এই ঘটনার ফলে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। চূড়ান্ত ভোগান্তিতে পড়েন যাত্রীরা। দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলে। তার পর মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা সচল থাকে। 

গত শনিবারও দুপুর ১টা নাগাদ ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। সে বার বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানান, ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণে একটি আপ ট্রেন কিছু ক্ষণের জন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য থামানো হয়েছিল। পরীক্ষার জন্য শেডে পাঠানোর পর পুনরায় চালু করা হয়। যাত্রীদের পরবর্তী ট্রেন ধরেছেন। তার আগের রবিবার গ্রিন লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। সেটাও দুপুরবেলা।


Share