OBC Bill

ওবিসি বিলে ভোটাভুটির দাবিতেই বিধানসভায় হইচই, ঋতব্রত গোষ্ঠীর ওয়াকআউট, কাগজে লিখেই ভোট দিলেন বিধায়কেরা

যদিও ঋতব্রত গোষ্ঠীর সব বিধায়ক কক্ষ ত্যাগ করেননি। কাজল শেখ, বাহারুল ইসলাম এবং সফিকুল শেখ অধিবেশন কক্ষেই থেকে যান। পরে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভোটাভুটিতে অংশ নেবেন বলে জানান।

মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ০১:১৮

ওবিসি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলকে ঘিরে সোমবার বিধানসভায় তৈরি হল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। বিলের উপর ধ্বনিভোটের বদলে ডিভিশন বা ভোটাভুটির দাবি তোলে বিরোধী শিবির। সেই দাবির পরেই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বিধায়কেরা। যদিও ঋতব্রত গোষ্ঠীর সব বিধায়ক কক্ষ ত্যাগ করেননি। কাজল শেখ, বাহারুল ইসলাম এবং সফিকুল শেখ অধিবেশন কক্ষেই থেকে যান। পরে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভোটাভুটিতে অংশ নেবেন বলে জানান।

অন্য দিকে, কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়ক কুনাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিধায়ক অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর কোনও বিলের উপর ডিভিশনের মাধ্যমে ভোটাভুটি হওয়ায় প্রযুক্তিগত সমস্যাও সামনে আসে। বহুদিন ব্যবহার না হওয়ায় বিধানসভার ইলেকট্রনিক ভোটদান ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। ফলে স্পিকার রথীন্দ্র বসু বিধায়কদের কাগজের স্ট্রিপে হাতে লিখে ভোট দেওয়ার নির্দেশ দেন।

ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ফলাফল ঘোষণার দায়িত্ব স্পিকারের। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের থাকায় বিলটি পাস হতে কোনও সমস্যা হবে না বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা।


Share