Vande Bharat Train

নববর্ষে পশ্চিমবঙ্গের জন্য রেলের উপহার, কলকাতা–গুয়াহাটি বন্দেভারত স্লিপার ট্রেনের ঘোষণা

এই ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে ট্রেনটিতে। এর মধ্যে ১১টি থ্রি টিয়ার, ৪টি টু টিয়ার এবং একটি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকছে ‘কবচ’ নিরাপত্তা ব্যবস্থা এবং ইমার্জেন্সি টক-ব্যাক সিস্টেম।

বন্দে ভারত এক্সপ্রেস
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৬:২৪

ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই পশ্চিমবঙ্গের জন্য বড় উপহার ঘোষণা করল রেলমন্ত্রক। ১ জানুয়ারি কলকাতা–গুয়াহাটির মধ্যে বন্দেভারত স্লিপার ট্রেন চালুর কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানুয়ারির দ্বিতীয় ভাগে এই ট্রেনের উদ্বোধন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।

পিটিআই সূত্রে খবর, এ দিন রেলমন্ত্রী জানান, আগামী ১৫–২০ দিনের মধ্যেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য দিন হিসেবে ১৮ বা ১৯ জানুয়ারির কথা ভাবা হচ্ছে। প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আগামী দু-তিন দিনের মধ্যে দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

কলকাতা থেকে গুয়াহাটির মধ্যে চলবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। মোট ১৬টি কোচ থাকবে ট্রেনটিতে। এর মধ্যে ১১টি থ্রি টিয়ার, ৪টি টু টিয়ার এবং একটি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেনে থাকছে ‘কবচ’ নিরাপত্তা ব্যবস্থা এবং ইমার্জেন্সি টক-ব্যাক সিস্টেম।

রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেনটি হাওড়া থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল, কাটোয়া হয়ে মালদহ টাউন ছুঁয়ে এনজেপি পৌঁছোবে। সেখান থেকে নিউ কোচবিহার ও নিউ বঙ্গাইগাঁও হয়ে গুয়াহাটিতে পৌঁছোবে ট্রেনটি।

এই পরিষেবার মাধ্যমে অসমের কামরূপ মেট্রোপলিটন ও বঙ্গাইগাঁও জেলা এবং পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি ও কোচবিহার জেলা যুক্ত হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যাবেলা ট্রেনটি ছাড়বে এবং সকালবেলা গন্তব্যে পৌঁছোনোর মতো করেই সময়সূচি তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এতে করে দীর্ঘ দূরত্বের যাত্রা আরও আরামদায়ক ও সময় সাশ্রয়ী হবে বলে আশা রেলের।


Share