Accident

পুরুলিয়ায় লেলে মাছির হামলায় মৃত্যু যুবকের, জখম আরও চারজন

জঙ্গলে চাক ভেঙে ডিম সংগ্রহ করতে গিয়ে হুলবিদ্ধ হন পাঁচ যুবক। মৃতের ভাই বিদ্যুৎ শবর-সহ আহত আরও চারজনের চিকিৎসা চলছে।

মৃতের নাম সম্রাট শবর
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ০৩:৩৫

পুরুলিয়ার জঙ্গলে লেলে মাছির হানায় প্রাণ গেল এক যুবকের। চাক ভেঙে ডিম সংগ্রহ করতে গিয়েই বিপত্তি। মাছির ঝাঁকের আক্রমণে পাঁচ যুবক হুলবিদ্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে সম্রাট শবর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর ভাই বিদ্যুৎ শবর-সহ আরও চারজন প্রতিবেশী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সম্রাটের বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার পুকুরকাটা গ্রামে। সোমবার রাতে গ্রামের পাশের জঙ্গলে লেলে মাছির চাক থেকে ডিম সংগ্রহ করতে গিয়েছিলেন পাঁচ যুবক। সঙ্গে ছিল মশাল এবং পোড়া মোবাইল। রাতের অন্ধকারে মশাল জ্বালিয়ে মাছি সরিয়ে চাক ভেঙে তাঁরা ডিম সংগ্রহ করার পরিকল্পনা করেছিলেন।

সেই মতো তিনজন গাছের ডালে উঠে পড়েন। বাকি দু’জন গাছের নীচে মশাল জ্বালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় চাক থেকে ঝাঁকে ঝাঁকে মাছি বেরিয়ে এসে তাঁদের আক্রমণ করে। হুলের আঘাতে গাছের উপরে থাকা তিনজন নীচে পড়ে যান। মাছির হামলায় নীচে থাকা বাকি দু’জনও গুরুতর জখম হন।

অভিযোগ, ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা জঙ্গলের মধ্যেই তাঁরা পড়েছিলেন। পরে ভোরের দিকে কোনওরকমে পাঁচজন বাড়িতে ফিরে আসেন। বাড়িতে পৌঁছোনোর পরই সম্রাট অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বান্দোয়ান গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত বাকিদেরও চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুকুরকাটা গ্রামে। লেলে মাছির ডিম সংগ্রহ করতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা ভাবতে পারছেন না সম্রাটের পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা।


Share