Suicide

পুরুলিয়া মেডিক্যাল কলেজে চারতলা থেকে ঝাঁপ যুবকের! আত্মহত্যার চেষ্টার অভিযোগ, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পরিবার ও হাসপাতালের একটি সূত্রের দাবি, স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই মানসিকভাবে ওই যুবক ভেঙে পড়েছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।

হাসপাতালে ভর্তি যুবক
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ০৯:০৯

পুরুলিয়া মেডিক্যাল কলেজের সদর ক্যাম্পাসে চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবারের এই ঘটনায় তিনি গুরুতর জখম হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন। বর্তমানে ওই যুবক পুরুলিয়া মেডিক্যাল কলেজেই চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি পুরুলিয়ার আড়ষা থানা এলাকায়। তিন দিন আগে তাঁর স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সেই কারণে স্ত্রী এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। রবিবার হাসপাতালের চারতলায় লিফটের দরজা খুলে ওই যুবক ফাঁকা জায়গায় ঝাঁপ দেন। আচমকা জোরালো শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। এরপরই তাঁকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

পরিবার ও হাসপাতালের একটি সূত্রের দাবি, স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই মানসিকভাবে ওই যুবক ভেঙে পড়েছিলেন। এর আগেও তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। এমনকি নিজের মাথায় আঘাত করে জখম হওয়ায় আগে হাসপাতালেও তাঁকে চিকিৎসাও করাতে হয়েছিল। পুলিশ সূত্রে খবর, রবিবার ওই যুবক মত্ত অবস্থায় ছিলেন।

কন্যাসন্তানের জন্মের কারণেই ওই যুবক এমন পদক্ষেপ করেছেন কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও জানার চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে লিফটের দরজা খুলে ওই যুবক ফাঁকা জায়গায় ঝাঁপ দিলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে পুরুলিয়া মেডিক্যাল কলেজের এমএসভিপি সুকমল বিষই বলেন, “লিফটের গেট ভেঙে এক যুবক ঝাঁপ দিয়েছেন বলে খবর পেয়েছি। তাঁর মানসিক সমস্যা রয়েছে বলেই মনে হচ্ছে। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে।”


Share