Coal Scam

কয়লা পাচার ও বালি চুরির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা যুধিষ্ঠির ঘোষ, ধৃতকে আদালতে পেশ করল পুলিশ

বিধানসভা নির্বাচনের আগে ওই এলাকায় প্রচারে এসেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যুধিষ্ঠির ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁকে নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন।

অভিযুক্তকে দ্রুত প্রিজন ভ্যানে তোলা হয়।
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৯:৪৪

পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা যুধিষ্ঠির ঘোষকে অবশেষে পুলিশ গ্রেফতার করল। বৃহস্পতিবার সকালে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি ভাবে কয়লা পাচার এবং বালি চুরির অভিযোগে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে।

যুধিষ্ঠির ঘোষের পাশাপাশি পাণ্ডবেশ্বরের আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নিতাই অধিকারী। অভিযুক্তদের প্রিজন ভ্যানে তোলার সময় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং বিজেপি কর্মীরা তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়েন বলে অভিযোগ। এমন পরিস্থিতির মধ্যে দুই অভিযুক্তকে দ্রুত প্রিজন ভ্যানে তোলা হয়।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ওই এলাকায় প্রচারে এসেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যুধিষ্ঠির ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তাঁকে নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে বালি মাফিয়া হিসেবে যুধিষ্ঠির পরিচিত ছিলেন। কয়লা পাচারের ঘটনাতেও তাঁর নাম উঠে এসেছিল। অভিযোগ, অজয় নদের তীর থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বালি তুলে পাচার করা হত। এর সঙ্গে যুধিষ্ঠিরের সরাসরি যোগ ছিল বলে অভিযোগ রয়েছে। তৃণমূল সরকারের আমলে তাঁর প্রভাব আরও বৃদ্ধি পেয়েছিল বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পরেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয় বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বৃহস্পতিবার রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। শুক্রবার সকালে যুধিষ্ঠির ঘোষকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

অন্য দিকে, নিতাই অধিকারীর গ্রেফতারের নেপথ্যেও রয়েছে একটি পৃথক মামলা। নির্বাচনের আগে সরকারি আবাস প্রকল্পের ঘর বণ্টনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল, এলাকার এক মহিলাকে জোর করে সরকারি প্রকল্পের ঘর পাওয়ার কথা বলতে বাধ্য করা হয়। এই ঘটনার পর মানসিক ওই মহিলা চাপে ভুগছিলেন। অভিযোগ, পরে তিনি আত্মহত্যা করেন।

স্থানীয়দের দাবি, বিষয়টি প্রকাশ্যে না আনার জন্য ওই মহিলার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। সেই ঘটনায় নিতাই অধিকারীর নাম উঠে আসে। পুলিশ সূত্রে খবর, ওই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাঁকেও আদালতে পেশ করা হয়েছে।


Share