Accident

অন্ডালে অবৈধ মাটি কাটতে গিয়ে বিপত্তি, ধসে চাপা পড়ে মৃত্যু হল দিনমজুরের

মাটির চাঙড়ে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অবৈধ খননের অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ।

অবৈধভাবে মাটি কাটা হচ্ছে
নিজস্ব সংবাদদাতা, অন্ডাল
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১০:৫৮

পশ্চিম বর্ধমানের অন্ডালের মুকুন্দপুরে খোলামুখ খনির ধারে বেআইনি মাটি কাটতে গিয়ে ধস নেমে মৃত্যু হল এক দিনমজুরের। পশ্চিম বর্ধমানের অন্ডালের মুকুন্দপুরে খোলামুখ খনির ধারে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মঙ্গল ভুঁইয়া (৫০)। শনিবার দুপুরে তিনি মেশিন দিয়ে মাটি করছিলেন। সেই সময় আচমকাই একটি বড় মাটির চাঙড় ধসে পড়ে। তার নীচেই তিনি চাপা পড়ে যান।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় আর্থ মুভার মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। ট্র্যাক্টরে করে তা পাচার করা হচ্ছে। এই কাজেই যুক্ত ছিলেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। দিনমজুর হিসেবে স্থানীয় শ্রমিকরা কাজ করতেন। ঘটনার দিনও একইভাবে কাজ চলছিল বলেই দাবি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় অন্ডাল থানার পুলিশ। খাঁদরা অঞ্চলের তৃণমূল নেতা মিতা সিনহা বাউড়ি এলাকায় যান। প্রথমে মেশিনের চালক পালিয়ে যায়। তবে পরে তাঁকে ফিরিয়ে এনে মাটি সরিয়ে দেহ উদ্ধার করা হয়। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন। আর্থ মুভার মেশিনটি আটক করে রাখেন। মিতা সিনহা বাউড়ি জানান, বারবার প্রতিবাদ সত্ত্বেও বেআইনি মাটি কাটা বন্ধ হয়নি।ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটল। অন্যদিকে, অন্ডাল থানার ওসি গোপাল পাত্র জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share