Sharadwata Mukherjee

পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভায় স্বাস্থ্য পরিষেবায় নতুন গতি! বরাবাজারে ৩০ শয্যার পরিকল্পনা, বান্দোয়ান-বারিতে পরিকাঠামো উন্নয়ন ও সংস্কারে সক্রিয় রাজ্য সরকার

মন্ত্রীর দাবি, পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে রাজ্য সরকার।

স্বাস্থমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৮:১১

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে একাধিক উদ্যোগের কথা আগেই ঘোষণা করেছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেই ঘোষণাগুলির মধ্যে কয়েকটি ইতিমধ্যেই বাস্তবায়নের পথে বলে বিধানসভায় জানিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা কেন্দ্রের তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে রাজ্য সরকার।

বান্দোয়ান বিধানসভা এলাকার অন্তর্গত তিনটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র- বরাবাজার, বান্দোয়ান ও বারির পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছেন, বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ শয্যায় উন্নীত করার প্রস্তাব বর্তমানে স্বাস্থ্য দফতরের বিবেচনাধীন রয়েছে। এ ছাড়া, স্বাস্থ্যকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে ৫৮.৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন জেনারেটরের ব্যাক-আপ ব্যবস্থা গড়ে তোলার জন্য পূর্ত দফতর ১৭ লক্ষ ৪০ হাজার ৪৩ টাকার একটি ব্যয়-প্রাক্কলন তৈরি করেছে। সেই হিসাবের ভিত্তিতে স্বাস্থ্য দফতর পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্য দিকে, বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করতে একটি ‘কমন কালেকশন পয়েন্ট’ (সিসিপি) নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে। প্রস্তাবটি বর্তমানে যাচাইয়ের জন্য জেলা পরিষদ দফতরে পাঠানো হয়েছে।

বান্দোয়ান ও বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই স্বাস্থ্যকেন্দ্রেই বিদ্যুৎ সংযোগের উন্নয়ন এবং সিসিপি (সিমেন্ট কংক্রিট পেভমেন্ট) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের সিদ্রি ও গুরুড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেরামত ও সংস্কারের জন্য প্রয়োজনীয় কাজের পরিকল্পনা এবং সম্ভাব্য ব্যয়ের প্রস্তাবও জমা পড়েছে। বর্তমানে সেই প্রস্তাবগুলি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে।


Share