Jakir Nayak

আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের

গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন দেশের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়া এবং ধর্মনিরপেক্ষ কাঠামোর পক্ষে ক্ষতিকর বলে কেন্দ্র মনে করছে। এই সংগঠন এই সমস্ত কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

জাকির নায়েক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৬ ০৫:৪৮

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ইসলামিক সংগঠনকে আগেই বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই মেয়াদ এরও বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার গেজেট বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নর্থব্লক। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) বা ইউএপি আইনের ৩ নম্বর ধারার উপধারা (১) ও (৩) অনুযায়ী এই ঘোষণা করা হয়েছে।

গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন দেশের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হওয়া এবং ধর্মনিরপেক্ষ কাঠামোর পক্ষে ক্ষতিকর বলে কেন্দ্র মনে করছে। এই সংগঠন এই সমস্ত কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা তথা সভাপতি জাকির নায়েকের বক্তব্য ও ভাষণের বিষয়টিও বিজ্ঞপ্তিতে বিশেষ ভাবে উল্লেখ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, জাকির বিভিন্ন সময় বক্তব্যের মাধ্যমে দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতার মনোভাব ছড়িয়েছেন। পাশাপাশি, ভারত ও বিদেশের যুবকদের সন্ত্রাসবাদী কার্যকলাপে প্ররোচিত করার অভিযোগও তোলা হয়েছে জাকিরের বিরুদ্ধে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, সংবাদমাধ্যম এবং সমাজমাধ‍্যমে জাকির নায়েকের বক্তব্য ও ভাষণ লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে সরকারের আরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সংগঠনের কার্যকলাপ অবিলম্বে নিয়ন্ত্রণ করা না হলে তারা পলাতক সদস্যদের পুনরায় সংগঠিত করতে পারে। এর ফলে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে। বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে মদত দিতে পারে।

উল্লেখ্য, এর আগেও ২০১৬ সালের ১৭ নভেম্বর এবং ২০২১ সালের ১৫ নভেম্বর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গঠিত ইউএপি ট্রাইব্যুনাল ২০১৭ সালের ২২ মে এবং ২০২২ সালের ৩০ মার্চ নিষেধাজ্ঞার পক্ষে রায় দেয়। পূর্ববর্তী নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সালের ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই নতুন বিজ্ঞপ্তি জারি করে সংগঠনটির ওপর আরও পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্রীয় সরকার।

সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে ইউএপির ৪ নম্বর ধারার অধীনে পরবর্তী কোনও আদেশ জারি হলে তা সাপেক্ষে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।


Share