Murder Case

স্ত্রীকে খুনের পর মন্দিরে কাটা মাথা নিয়ে বসেছিলেন রিন্টু! ঘর থেকে উদ্ধার ২১ জনের নামের তালিকা, প্রথমেই স্ত্রীর নাম

অভিযুক্তের বয়ান অনুযায়ী, কীভাবে খুন করা হয়েছিল সীমাকে, তদন্তকারীরা তা খতিয়ে দেখেন। তবে অভিযুক্তের ঘর থেকে উদ্ধার হওয়া একটি চিঠি এই হত্যাকাণ্ডের তদন্তে সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি করেছে। তাতে লেখা রয়েছে মোট ২১ জনের নাম।

অভিযুক্ত রিন্টু ঘোষ।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০১:১০

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে স্ত্রী সীমা সরকার ঘোষকে নৃশংসভাবে খুনের তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে রহস্য। বুধবার ধৃত স্বামী রিন্টু ঘোষকে নারায়ণপুর ঘোষপাড়ার বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাল পুলিশ। অভিযুক্তের বয়ান অনুযায়ী, কীভাবে খুন করা হয়েছিল সীমাকে, তদন্তকারীরা তা খতিয়ে দেখেন। তবে অভিযুক্তের ঘর থেকে উদ্ধার হওয়া একটি চিঠি এই হত্যাকাণ্ডের তদন্তে সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি করেছে। তাতে লেখা রয়েছে মোট ২১ জনের নাম। আর সেই তালিকার একেবারে প্রথমেই রয়েছে মৃত স্ত্রী সীমা সরকার ঘোষের নাম। কেন এই তালিকা তৈরি করেছিলেন রিন্টু? বাকি ২০ জনের নামই বা কেন সেখানে রয়েছে? তদন্তকারীরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পুনর্নির্মাণের জন্য বুধবার রিন্টুকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের বয়ান অনুযায়ী, ঘটনার দিন তিনি প্রথমে সীমার পেটে ছুরি দিয়ে আঘাত করেন। এরপর স্ত্রীকে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে মেঝেতে শুইয়ে ধারালো দা দিয়ে গলায় পরপর কোপ মারেন বলে অভিযোগ। সেই আঘাতেই সীমার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে। ঘরের মেঝে রক্তে ভেসে যায়। পুলিশের সামনে অভিযুক্তের বয়ান ও ঘটনার বিবরণ খতিয়ে দেখে তদন্তকারীরা।

হত্যাকাণ্ডের পর রিন্টুর আচরণও তদন্তকারীদের নজরে রয়েছে। অভিযোগ, স্ত্রীকে খুন করার পর তাঁর কাটা মাথা নিয়ে অভিযুক্ত বাড়ির মন্দিরে গিয়ে বসে পড়েন। সেই সময় তাঁর দুই সন্তানও বাড়িতে উপস্থিত ছিল। কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটালেন তিনি, হত্যার পর মন্দিরে গিয়ে বসার পিছনে কোনও বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ।

তবে তদন্তে নতুন মাত্রা যোগ করেছে উদ্ধার হওয়া চিঠিটি। পুলিশ সূত্রে খবর, ওই চিঠিতে মোট ২১ জনের নাম রয়েছে। তালিকার প্রথমেই স্ত্রী সীমার নাম থাকায় স্বাভাবিকভাবেই সন্দেহ বেড়েছে তদন্তকারীদের। তালিকায় থাকা বাকি ২০ জন কারা? তাঁদের সঙ্গে রিন্টুর কী সম্পর্ক? কোনও বিশেষ উদ্দেশ্যে কি তাঁদের নাম লিখে রেখেছিলেন অভিযুক্ত? নাকি এই তালিকার সঙ্গে স্ত্রী হত্যাকাণ্ডের কোনও যোগ রয়েছে? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যদিও চিঠির সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

ঘটনার পুনর্নির্মাণ শেষ হওয়ার পর অভিযুক্তকে ফের গঙ্গারামপুর থানায় নিয়ে যাওয়া হয়। উদ্ধার হওয়া চিঠি, ২১ জনের নামের তালিকা এবং হত্যার সম্ভাব্য কারণ—সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এটি শুধুই পারিবারিক বিবাদের পরিণতি, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

এ দিকে, দিনের আলোয় পুলিশের পুনর্নির্মাণ ঘিরে নারায়ণপুর ঘোষপাড়া এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়ায়। এমন নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার সময় দুই সন্তান উপস্থিত ছিল বলে যে তথ্য সামনে এসেছে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। সব মিলিয়ে সীমা সরকার ঘোষ হত্যাকাণ্ডে উদ্ধার হওয়া ২১ জনের নামের তালিকাই এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠেছে।


Share