Fall From Running Train

অশালীন আচরণের প্রতিবাদ করায় চলন্ত লোকাল ট্রেন থেকে মহিলাকে ধাক্কা! সিসি ক‍্যামেরায় ধরা পড়ল অভিযুক্তের পালানোর ছবি, কাটা পড়েছে মহিলার একটি হাত

নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশি মামলায় খুনের চেষ্টার ধারাটি যুক্ত করা হয়নি। এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে তাঁরা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতাদের সঙ্গে দেখা করেছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা।

অভিযুক্তের নাম জিতেন্দ্র হিরমুখে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৬:৪৪

মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলার সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করায় তাঁকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ধরা পড়েছে। তাতে অভিযুক্তের পালানোর ছবি ধরা পড়েছে। অভিযুক্তের নাম জিতেন্দ্র হিরমুখে। ভাইরাল সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, ঘটনার পরে হেঁটে স্টেশন ছেড়ে পালাচ্ছেন ৫৩ বছর বয়সি জিতেন্দ্র। যদিও পরে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অন্য দিকে, এই ঘটনায় গুরুতর আহত মহিলার একটি হাত বাদ দিতে হয়েছে। মাথায় রয়েছে ১৬টি সেলাই পড়েছে।

মুম্বইয়ের নায়গাঁও স্টেশনে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, বোরিভলি থেকে বিরারের উদ্দেশে লোকাল ট্রেনে উঠেছিলেন ওই মহিলা। অভিযোগ, ট্রেনটি নায়গাঁও স্টেশনের কাছে পৌঁছোতেই এক ব্যক্তি তাঁকে বারবার অশালীন ভাবে স্পর্শ করতে শুরু করেন। সেই ঘটনার প্রতিবাদ জানালেও অভিযুক্ত থামেননি বলে দাবি। এমনকী, ট্রেন থেকে নামার পরেও তাঁর সঙ্গে একই আচরণ করেন ওই ব্যক্তি।

এর পর ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে চটি ছুড়ে মারেন মহিলা। অভিযোগ, পাল্টা গালিগালাজ শুরু করেন জিতেন্দ্র। নিজের চটিও ছুড়ে মারেন তিনি। দু’জনের মধ্যে বচসা চলতে থাকে। এর মধ্যেই মহিলাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন অভিযুক্ত। দুই কামরার মাঝের ফাঁকা জায়গায় পড়ে যান তিনি। মহিলার ওঠার আগেই চলতে শুরু করে ট্রেন।

পরে এক পুলিশকর্মী এবং সহযাত্রীরা তাঁকে উদ্ধার করে প্ল্যাটফর্মে তোলেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসার সময় তাঁর একটি হাত বাদ দিতে হয় বলে জানা গিয়েছে। এর পাশাপাশি মাথায় ১৬টি সেলাই পড়েছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এ দিকে, প্রকাশ্যে আসা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, লাল জামা পরা অভিযুক্ত দ্রুত প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছেন। ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার সময় এক যাত্রীর সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। পরে ক্যামেরার নজর থেকে বেরিয়ে গেলেও ফের ফুটেজে ফিরে আসেন তিনি। সেই সময় তাঁকে কিছুটা উদ্বিগ্ন দেখায়। এমনকী, একবার কপালে হাত দিতেও দেখা যায়।

অন্য দিকে, নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশি মামলায় খুনের চেষ্টার ধারাটি যুক্ত করা হয়নি। এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে তাঁরা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতাদের সঙ্গে দেখা করেছেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা।


Share