Murder Case

মাদকাসক্ত অবস্থায় হাতাহাতি, বাবাকে খুন করে আচমকাই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ছেল মহম্মদ হোসেনের, দমদমের ফ্ল্যাটে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় দাবি পুলিশের

গত ১৩ নভেম্বর নাগেরবাজার থানার এলাকার একটি আবাসন থেকে বাবা ছেলের জোড়া মৃতদেহ পুলিশ উদ্ধার করে। মৃতদের নাম তপনকুমার চট্টোপাধ্যায় (৭৫) এবং মহম্মদ হোসেন (২২)। তপনবাবুর সন্তান না হওয়ায় মহম্মদ হোসেনকে দত্তক নিয়েছিলেন। মহম্মদ হোসেনকে ছ’বছর বয়সে দত্তক নেন।

(বাঁ দিক থেকে) মহম্মদ হোসেন এবং তপনকুমার চট্টোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৬ ১২:১৩

মাদকদ্রব্য সেবন করে বাবার সঙ্গে হয়েছিল অশান্তি। এই এক পর্যায়ে ভারী বস্তু দিয়ে বাবার মাথার পেছনে আঘাত করে। এর পরেই কোনও এক সময় নিজেরও হার্ট অ্যাটাক হয়। তার পরেই মৃত্যু হয় ছেলের। রবিবার বাবা-ছেলের দেহের ময়নাতদন্ত হয়েছে। তা থেকেই এই তথ্য উঠে এসেছে বলে জানা যাচ্ছে।

গত ১৩ নভেম্বর নাগেরবাজার থানার এলাকার একটি আবাসন থেকে বাবা ছেলের জোড়া মৃতদেহ পুলিশ উদ্ধার করে। মৃতদের নাম তপনকুমার চট্টোপাধ্যায় (৭৫) এবং মহম্মদ হোসেন (২২)। তপনবাবুর সন্তান না হওয়ায় মহম্মদ হোসেনকে দত্তক নিয়েছিলেন। মহম্মদ হোসেনকে ছ’বছর বয়সে দত্তক নেন। আদর করে নাম রাখে ‘সূর্য’। তপনবাবু নিজে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বেসরকারি ব‍্যাঙ্কের কর্মী ছিলেন। 

অন‍্য দিকে, তাঁর স্ত্রী অনেক আগেই মারা গিয়েছেন। তখন থেকেই তিনি মহম্মদ হোসেনকে লালনপালন করে বড় করেন। দত্তক নিলেও ছোট থেকে বড় হওয়ার নেপথ্যে তপনবাবু বাবার দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছে প্রতিবেশীরা। তাঁর পরিবারে দত্তক নেওয়া মহম্মদ হোসেন ছাড়া আর কেউই ছিলেন না। বসয়কালে এসে সেটাই কাল হয়ে দাঁড়াল তপনবাবুর কাছে। দত্তক নেওয়া ছেলের কাছেই খুন হলেন তপন চট্টোপাধ্যায়।

পুলিশ সূত্রের খবর, খুনের আগে তপনবাবুর সঙ্গে তাঁর দত্তক নেওয়া ছেলের বচসা হয়। সেই সময় মাদকাসক্ত ছিল। তারই মাঝে বাবাকে ভারী ব‍্যাট দিয়ে মাথার পিছনে আঘাত করে। কান, নাক দিয়ে রক্ত বের হতে থাকে। ঘটনাস্থলেই মারা যান তিনি। অন‍্য একটি ঘরে যান মহম্মদ হোসেন। সেখানেই হার্ট অ্যাটাক হয়ে মারা যায় যুবক। রবিবার তপনকুমার চট্টোপাধ্যায় এবং মহম্মদ হোসেনের দেহের ময়নাতদন্ত হয়েছে। দু’জনের ভিসেরা পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার নভেম্বর বিকেল সাড়ে ৩টে নাগাদ কাজের লোক ঘরে ঢুকতে না পারে ফিরে যায়। দরজার সামনে খবরের কাগজ ও দুধের বোতল পড়ে ছিল। নাগেরবাজার থানার পুলিশ শেঠবাগানের আবাসনে যায়। পুলিশ প্রথমে লোহার গেট গ্যাস কাটার দিয়ে কাটে। তার পরে তালা এবং কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে দু’জনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। পুলিশ সূত্রে খবর, ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল আসবাবপত্র। গাঁজা এবং গোগো, পোড়া সিগারেট-সহ একাধিক নেশাদ্রব্য সেখানে ছিল। 

প্রতিবেশীদের দাবি, মহম্মদ হোসেন মাদকাসক্ত ছিল। নেশার উপকরণ না পেলেই বৃদ্ধ বাবা তপন চট্টোপাধ্যায়ের সঙ্গে অশান্তি করত। বৃদ্ধ বাবাকে মারধরও করত। এমনকী, প্রতিবেশীরা একাধিক বার তাদের অশান্তির আঁচ পেয়েছেন। মূলত মাদকদ্রব্য কেনার জন্য টাকা না দিলেই চলত বাবার ওপরে অত্যাচার চালাত বলে দাবি করা হয়েছে। তপনকুমার চট্টোপাধ্যায় শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বিগত বেশ কয়েক মাস ধরে তাঁর কিডনির ডায়ালিসিস চলছিল বলেও স্থানীয়েরা দাবি করেছেন।


Share