Retail Inflation

আগামী ডিসেম্বরে ফের সুদের হার বাড়াতে পারে রিজার্ভ ব্যাঙ্ক, ৬ শতাংশের গণ্ডি ছাড়াল মুদ্রাস্ফীতি, দু’বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি

আগামী ২ থেকে ৪ ডিসেম্বর এই কমিটির পরবর্তী বৈঠকে বসবে। অর্থনীতিবিদদের একাংশের অনুমান, সেই বৈঠকেরের পরে সুদের হার বাড়তে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এক অর্থনীতিবিদের মতে, ডিসেম্বরে ফের ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ওই অর্থনীতিবিদের আশঙ্কা, দেশের বাজারে মূল্যবৃদ্ধির হার আগামী ২০২৭ জুন পর্যন্ত ৬ শতাংশের ওপরেই থাকতে পারে।

প্রতিনিধিত্বমূলক চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৬ ০৭:৫১

দেশের বাজারে ফের মূল্যবৃদ্ধির চাপ। সব্জি থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, প্রায় সব ক্ষেত্রেই দামের বোঝা বাড়ছে। অক্টোবর মাসে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার এক ধাক্কায় বেড়ে ৬.০৯ শতাংশে পৌঁছেছে। গত দু’বছরের মধ্যে এই প্রথম রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমা পার করল। তা নিয়ন্ত্রণ করতে আগামী ডিসেম্বরেই ফের সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে দেশের শীর্ষ ব্যাঙ্ক, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বরে খুচরো বাজারের মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৫৪ শতাংশ। অক্টোবর মাসে তা বেড়ে হয়েছে ৬.০৯ শতাংশ। শুধু সামগ্রিক মূল্যবৃদ্ধিই নয়, খাদ্যপণ্যের দামও সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার ছিল ৭.৭৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮.৯৪ শতাংশে। পেঁয়াজের দাম বৃদ্ধির হার ১১৬ শতাংশ। রসুনের ক্ষেত্রে ৬১ শতাংশ, আদায় ৪৮ শতাংশ এবং লেবুতে ৪৭ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে।

পরিসংখ্যান বলছে, দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে মাত্র পাঁচটিতে খুচরো বাজারে মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের নীচে ছিল। অন্য দিকে, ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তা ৬ শতাংশের বেশি। সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে পুদুচেরিতে- ৭.৯৬ শতাংশ। শুধু গত বছরের তুলনায় নয়, সেপ্টেম্বরের নিরিখেও অক্টোবরে সামগ্রিক পণ্যের দাম ০.৫ শতাংশ বেড়েছে। প্রায় ১ শতাংশ খাদ্যপণ্যের দাম বেড়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, খুচরো বাজারে মুদ্রাস্ফীতি ৪ শতাংশের মধ্যে রাখাই লক্ষ্য। এই শতাংশকে অর্থনৈতিক স্বাভাবিক পরিস্থিতি হিসেবে গণ‍্য করা হয়। এর জন্য ২ থেকে ৬ শতাংশের সীমা নির্ধারিত। কিন্তু টানা পাঁচ মাস ধরে বাজারে মূল্যবৃদ্ধির হার ৪ শতাংশের ওপরে রয়েছে। আপাতত তা কমার কোনও লক্ষণ দেখতে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। গত অক্টোবরে শেষ বার ৬ শতাংশের ঊর্ধ্বসীমা অতিক্রম করেছিল মুদ্রাস্ফীতি।

গত মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫ শতাংশ করেছিল শীর্ষ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি বা এমপিসি। আগামী ২ থেকে ৪ ডিসেম্বর এই কমিটির পরবর্তী বৈঠকে বসবে। অর্থনীতিবিদদের একাংশের অনুমান, সেই বৈঠকেরের পরে সুদের হার বাড়তে পারে রিজার্ভ ব্যাঙ্ক। এক অর্থনীতিবিদের মতে, ডিসেম্বরে ফের ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ওই অর্থনীতিবিদের আশঙ্কা, দেশের বাজারে মূল্যবৃদ্ধির হার আগামী ২০২৭ জুন পর্যন্ত ৬ শতাংশের ওপরেই থাকতে পারে।

অন্য দিকে, দেশের অর্থনীতির বৃদ্ধির গতিও যথেষ্ট শক্তিশালী। ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকেও ৭.৭ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদের একাংশ। তবে সুদের হার বাড়লে ঋণের খরচ বৃদ্ধি এবং সাধারণ মানুষের খরচের প্রবণতায় প্রভাব পড়তে পারে। ফলে একদিকে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, অন্য দিকে অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় রাখা-এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই এখন রিজার্ভ ব্যাঙ্কের কাছে বড় চ্যালেঞ্জ। 


Share