Fire Incident

এলপিজি সিলিন্ডারের পাইপ লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুর্গাপুরে গুরুতর জখম বাড়ির মালিক

এলপিজি সিলিন্ডারের পাইপ লিক থেকে দুর্গাপুরের ধান্ডাবাগের রবীন্দ্র পল্লি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় আহত হন বাড়ির মালিক সুশান্ত দে।

আগুন ধরে যাওয়া সিলিন্ডারটি উদ্ধার করা হয়েছে
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০৬

এলপিজি সিলিন্ডারের পাইপ লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুরে। সোমবার দুপুরে একটি বাড়িতে আচমকা আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল এবং পুলিশ। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় গুরুতর জখম বাড়ির মালিক সুশান্ত দে। তাঁকে চিকিৎসার জন্যে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্রের খবর, এ দিন দুপুরে ধান্ডাবাগের রবীন্দ্র পল্লি এলাকার একটি বাড়িতে রান্না হচ্ছিল। ঠিক সেই সময়েই আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নার সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির বেশ কিছু আসবাবপত্র।

ঘটনায় গুরুতর জখম হন সুশান্ত। তাঁকে প্রথমে স্থানীয় ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে দুর্গাপুরের বিধাননগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আগুন সম্পূর্ণভাবে নিভে গেছে। তবে পরবর্তীতে আর আগুন লাগার সম্ভবনা আছে কিনা দমকল কর্মীরা তা খতিয়ে দেখছেন। দুর্গাপুর দমকল বিভাগের সাব-ইন্সপেক্টর রিপন বড়ুয়া জানান, জ্বলন্ত গ্যাস সিলিন্ডারটি ঘরের ভিতর থেকে নিরাপদে বাইরে বের করে আনা হয়েছে এবং আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে ঘটনায় বাড়ির মালিক গুরুতরভাবে জখম হয়েছেন।


Share