Murder Case

কটূক্তির জেরে রক্তাক্ত পরিণতি দুর্গাপুরে, কুড়ুলের আঘাতে প্রাণ গেল যুবকের

এক মহিলাকে কটূক্তির প্রতিবাদ করায় অভিযুক্ত বিজয় টুডু তাঁর উপর হামলা চালান। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৩:৩৬

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এক খুনের ঘটনা ঘটেছে। দুর্গাপুর থানার অন্তর্গত পলাশডিহার দক্ষিণ আদিবাসী পাড়ায় কুড়ুলের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম গোপাল দাস। ঘটনায় ইতিমধ্যেই এক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পাড়ায় আচমকাই বচসা বাঁধে। অভিযোগ, উর্মিলা সিংহ নামে এক মহিলাকে এক যুবক কটূক্তি করেন। যুবকের নাম বিজয় টুডু। গোপাল দাস বিষয়টির প্রতিবাদ জানান। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় বিজয় বাড়ি থেকে একটি কুড়ুল নিয়ে এসে গোপালের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেফতার করেছে। কী কারণে এমন ঘটনা ঘটল এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দুর্গাপুর থানার পুলিশ।


Share