Assembly Election 2026

পুরুলিয়ায় আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়ি ভাঙচুর, পরিবর্তন যাত্রা ঘিরে দিকে দিকে অশান্তি

উল্লেখ্য, পরিবর্তন যাত্রা ঘিরে নিউটাউনেও পুলিশ এবং বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয়। পুলিশের দাবি, বাইক মিছিলে অনুমতি ছিল না গেরুয়া শিবিরের। তা সত্ত্বেও মিছিল করেছে তারা। সে কারণেই বাধা দেওয়া হয়েছে। যগিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।

গাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর
  • শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৭:১১

পুরুলিয়ায় বিজেপির পরিবর্তন যাত্রায় অশান্তি। বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আক্রান্ত বিজেপি বিধায়কের নাম বানেশ্বর মাহাতো। তাঁর অনুগামীরাও আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি করার অভিযোগ। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবারই বিজেপির পরিবর্তন যাত্রা রথ পুরুলিয়ায় পৌঁছোবে। তার আগে জেলাজুড়ে দলীয় পতাকা লাগানোর কাজ চলছে। তারই মাঝে বলরামপুর বিধানসভার রসুলডি এলাকায় বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

শুক্রবার বিকেলের দিকে বিজেপির পরিবর্তন যাত্রার রথ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত রঘুনাথপুর এলাকায় ঢুকবে। সেখান থেকে পুরুলিয়ার পাড়ার আনাড়া হয়ে পুরুলিয়া শহরের কাছে বোঙাবাড়িতে রাতে থাকবে। শনিবার সন্ধ্যায় বলরামপুরে পৌঁছোনোর কথা বিজেপির রথ। রবিবার সেখানে পরিবর্তন যাত্রার কথা। 

তার আগে ওই এলাকায় দলীয় পতাকা লাগাতে যান দলীয় কর্মী-সমর্থকরা। সঙ্গে ছিলেন বিধায়ক বানেশ্বর মাহাতোও। অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপির দলীয় পতাকা বাঁধতে বাধা দেয়। বিজেপি নেতা-কর্মীরাও উত্তেজিত হয়ে পড়েন। পালটা প্রতিবাদ করেন। উভয়পক্ষের মধ্যে শুরু হয় খণ্ডযুদ্ধ। দু'ইপক্ষের সংঘর্ষে ৫ জন বিজেপি নেতা-কর্মী জখম হন। 

অশান্তির জেরে বলরামপুর থানার আইসি অর্ণব গুহও জখম হয়েছেন বলে খবর। আহতদের বলরামপুরের বাঁশগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাঁদের দেবেন মাহাতো গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর দাবি, “রসুলডি আমরা পতাকা বাঁধতে গিয়েছিলাম। যখন পতাকা বাঁধছিলাম তখন তৃণমূল কর্মীরা লাঠিসোঁটা, টাঙ্গি, তরোয়াল নিয়ে দৌড়ে আসে। আমাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে। আমাদের দলের বেশ কয়েকজন জখম হয়েছেন।” এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, পরিবর্তন যাত্রা ঘিরে নিউটাউনেও পুলিশ এবং বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি হয়। পুলিশের দাবি, বাইক মিছিলে অনুমতি ছিল না গেরুয়া শিবিরের। তা সত্ত্বেও মিছিল করেছে তারা। সে কারণেই বাধা দেওয়া হয়েছে। যগিও অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগে নিউটাউনের সার্চি সিগনালে পথ অবরোধ করে বিজেপি।


Share