Police Arrangement

পালাবদলের ২৪ ঘণ্টার মধ্যেই উঠল নিরাপত্তা বলয়, মমতা-অভিষেকের বাড়ি ও দফতর থেকে সরল অতিরিক্ত বাহিনী

লালবাজার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, বুধবার সকাল সাড়ে ছ'টা থেকে ৯,ক্যামাক স্ট্রিট, ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আর অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে না।

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১২:০৬

মঙ্গলবার থেকেই একে একে সরতে শুরু করেছিল নিরাপত্তা বলয়। বুধবার সকাল সাড়ে ছ'টা থেকে 'বিদায়ী' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা সম্পূর্ণ তুলে নেওয়া হল।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, বুধবার সকাল সাড়ে ছ'টা থেকে ৯,ক্যামাক স্ট্রিট, ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে আর অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে না। সেই নির্দেশ কার্যকর হতেই বুধবার সকালে দায়িত্বে থাকা পুলিশকর্মীরা সরে যান। নিরাপত্তাকর্মীদের জন্য তৈরি কিয়স্কগুলিও এ দিন ফাঁকা দেখা যায়।

১৮৮এ, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর বাড়ির গলির মুখে থাকা 'সিজার্স ব্যারিকেড’ সরিয়ে নেওয়া হয়েছিল। এ বার অতিরিক্ত নিরাপত্তাও প্রত্যাহার করা হল। যদিও পুলিশ সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুযায়ী যে নিরাপত্তা পাওয়ার কথা, তা বজায় থাকবে।

অন্য দিকে, শেক্সপিয়র সরণি থানার অধীন ৯, ক্যামাক স্ট্রিটে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়। তৃণমূলের শীর্ষ নেতার এই দফতর ঘিরে দীর্ঘদিন কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। মঙ্গলবার দুপুরেই সেখানে পুলিশি প্রহরা কমতে শুরু করে। বুধবার থেকে সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। একই ছবি দেখা গিয়েছে ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাসভবনের সামনেও। তবে সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তা তিনি আগের মতোই পাবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।


Share