Special Intensive Revision

প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা, জানা যাবে কমিশনের অ্যাপে এবং ওয়েবসাইটে, তালিকায় নাম কী ভাবে দেখবেন?

তালিকা প্রকাশের পরে সেটিতে নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার জন্য প্রত্যেক ভোটারকে পরামর্শ দিয়েছে কমিশন। তালিকায় নাম রয়েছে কি না, তা কী ভাবে জানা যাবে— তা-ও জানিয়ে দিয়েছে কমিশন। অনলাইন এবং অফলাইন উভয় উপায়েই খসড়া তালিকায় নাম দেখে নিতে পারবেন ভোটারেরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩১

খসড়া তালিকায় নাম আছে কি না তা দেখে নিতে পারছেন ভোটারেরা। মঙ্গলবার সকালেই নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ‍্যাপ ECINET এবং ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সেখানে নিজের এপিক নম্বর দিলেই তালিকায় নাম দেখা যাচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। 

আজ, মঙ্গলবারই দুপুরে আনুষ্ঠানিক ভাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। সেই তালিকায় মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ভুয়ো এবং এনুমারেশন ফর্ম জমা দেয়নি এরম ভোটার ছাড়া বাকিদের সবার নাম থাকাবে। তালিকায় ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জনের নাম থাকবে। খসড়া তালিকা থেকে বাদ পড়বে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। এ ছাড়াও, ৩০ লক্ষ মানুষ আছেন, যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক দেখতে পারেননি। তাঁদের শুনানিতে ডাকা হবে। তাঁরা উপযুক্ত তথ্য দেখানোর সুযোগ পাবেন। শুনানির পরে নাম থাকবে কি না তা ঠিক করা হবে।

নির্বাচন কমিশনের অ্যাপটি খোলার পরে সেখানে বেশ কিছু অপশন পাওয়া যাবে। তার মধ্যে সবুজ রঙের একটি বক্সের মধ্যে লেখা আছে ‘সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট’। সেটিতে ‘ক্লিক’ করলে নতুন একটি পাতা খুলে যাবে। নতুন পাতায় উপরের বাঁ দিকে একটি অপশন থাকবে ‘সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট’ অপশনে ক্লিক করতে হবে। তার পরে ক্লিক করতে হবে সার্চ বাই ‘ভোটার আইডি/এপিক’ অপশনে। সেটিতে ক্লিক করলে নীচে ভোটার আইডি বা এপিক নম্বর দেওয়ার একটি জায়গা থাকবে। সেখানে নিজের এপিক নম্বর দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই সংশ্লিষ্ট ভোটার জেনে যেতে পারবেন, তাঁর নাম খসড়া তালিকায় রয়েছে কি না। নিজের নাম, পরিবারের নাম দিয়েও দেখতে পারবেন।

ECINET অ‍্যাপ ছাড়া, eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.inগিয়েও নিজের নাম আছে কি না দেখতে পারবেন। 

তালিকা প্রকাশের পরে সেটিতে নাম রয়েছে কি না, তা যাচাই করে নেওয়ার জন্য প্রত্যেক ভোটারকে পরামর্শ দিয়েছে কমিশন। তালিকায় নাম রয়েছে কি না, তা কী ভাবে জানা যাবে— তা-ও জানিয়ে দিয়েছে কমিশন। অনলাইন এবং অফলাইন উভয় উপায়েই খসড়া তালিকায় নাম দেখে নিতে পারবেন ভোটারেরা।

কমিশন জানিয়েছে, রাজ্যের সকল বিএলও-র কাছে খসড়া তালিকার ‘হার্ড কপি’ থাকবে। ভোটারেরা নিজ নিজ এলাকার বিএলও-র কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কি না যাচাই করতে পারবেন। কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের দিন বিএলও-দের যতটা সম্ভব বুথে গিয়ে বসার কথা বলা হবে। এ ছাড়া রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে ‘সফ্‌ট কপি’ দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) দফতর। পাশাপাশি জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট (বিএলএ)-দের হার্ড কপি দেওয়া হবে। তাঁদের কাছে গিয়েও ভোটারেরা জানতে পারবেন, তালিকায় নাম উঠেছে কি না।


Share