Political Chaos

মালদহে দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত দুই পক্ষের দু’জন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে বিজেপির দেওয়াল লেখা কর্মসূচি চলার মধ্যেই গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, তাদের আগের দেওয়াল লিখন মুছে তার উপর নতুন করে বিজেপির দেওয়াল লেখার চেষ্টা করা হচ্ছিল।

লিখিত অভিযোগ
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১০:৪৪

নেতাজি নগরের ঘটনার পর এবার মালদায় দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। ঘটনায় উভয় পক্ষের মোট দুই জন আহত হয়েছেন। মালদহ জেলার বামনগোলা থানার মহেশপুর গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে বামনগোলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে বিজেপির দেওয়াল লেখা কর্মসূচি চলার মধ্যেই গঙ্গাপ্রসাদ কলোনি এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, তাদের আগের দেওয়াল লিখন মুছে তার উপর নতুন করে বিজেপির দেওয়াল লেখার চেষ্টা করা হচ্ছিল। এর প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মী–সমর্থকরা তাদের উপর চড়াও হয় এবং এক তৃণমূল সমর্থককে বেধড়ক মারধর করা হয়। আহত ওই ব্যক্তি বর্তমানে মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, বিজেপির পাল্টা অভিযোগ, তারা নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দেওয়াল লিখছিলেন। সেই সময় তৃণমূল কর্মী–সমর্থকরা হঠাৎ এসে হামলা চালায় এবং তাদের মারধর করা হয়। অভিযোগ জানাতে থানায় যাওয়ার পরও তাদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি বিজেপির।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


Share