Abhishek Banarjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ই ‘মূলচক্রী’! বৃহস্পতিবারই সই জালিয়াতি কাণ্ডে সিআইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ কলকাতা হাই কোর্টের

সিআইডি আরও জানিয়েছে, সই জালিয়াতি কাণ্ডে আসল রেজুলেশন কপি এখনও পাওয়া যায়নি। সে কারণে তদন্ত থমকে রয়েছে। দাবি, এই রেজুলেশন কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই রয়েছে।

তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ০১:১৪

আজই সই জালিয়াতি কান্ডে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে পৌঁছে যেতে হবে ভবানী ভবনে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র এই নির্দেশ দিয়েছেন। তদন্তে সহযোগিতা অভিষেককে করতে হবে। পাশাপাশি আগামী তিন সপ্তাহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সিআইডি নিতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিধানসভায় সই জালিয়াতি কান্ডে গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের রক্ষাকবচ চেয়ে মামলা দায়ের করেছিলেন। বৃহস্পতিবার সেই মামলার শুনানি বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে হয়েছে। এ দিন সিআইডি আদালতকে জানিয়েছে, সই জালিয়াতির ঘটনায় প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। তিনি হাজিরা দেননি। কিন্তু তদন্ত যত এগোচ্ছে, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই যাচ্ছে। এই সই জালিয়াতি কাণ্ডে মূলচক্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই সন্দেহ করা হচ্ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন।

সিআইডি আরও জানিয়েছে, সই জালিয়াতি কাণ্ডে আসল রেজুলেশন কপি এখনও পাওয়া যায়নি। সে কারণে তদন্ত থমকে রয়েছে। দাবি, এই রেজুলেশন কপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই রয়েছে। তিনি মিথ্যা কথা বলছেন। তদন্তে বাধা সৃষ্টি করছেন। তদন্তকে এগিয়ে নিয়ে যেতে এই আসল রেজুলেশনের কপি পাওয়ার প্রয়োজন রয়েছে। কবে সেই রেজুলেশন কপি তৈরি করা হয়েছিল, কারা তাতে সাক্ষর করেছিলেন, কারাই বা করেননি— তা নিশ্চিত করতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। গোটা ঘটনাটি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছেন। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা-ও জানার চেষ্টা চলছে বলেও আদালতকে সিআইডি জানিয়েছে।

সওয়াল-জবাব শুনে বিচারপতি কৌশিক চন্দ্র ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন যাবেন তা আইনজীবীর কাছ থেকে জানতে চান। ১০ মিনিট সময় দেন। নির্দেশ দেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাঁকে ভবানী ভবনে ঢুকতে হবে। তদন্তকারীদের সমস্ত প্রশ্নের উত্তর তাঁকে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকেল ৪টের সময় কলকাতা বিমানবন্দরে পৌঁছোবেন বলে জানা গিয়েছে। তার পরেই তিনি ভবানী ভবনে যাবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আগামী তিন সপ্তাহ সিআইডি কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র।

সিআইডি সূত্রের খবর, সই জালিয়াতি মামলায় ইতিমধ্যেই ১৪ জন তৃণমূল বিধায়কের বয়ান রেকর্ড করা হয়েছে। রেজুলেশন নথিতে যে ১৪ জন বিধায়কের সই নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ তাঁরা বৈঠকেই ছিলেন না। সিআইডি সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা যে রেজুলেশন পত্র বিধানসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছিল তার আসন কপিটা হাতে পাওয়ার প্রয়োজন রয়েছে। তা হাতে পেলেই তদন্তটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

তা জানতে তিন বার নোটিশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। প্রতিবারই বিভিন্ন ‘বাহানায়’ হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। মঙ্গলবার কালীঘাটের তৃণমূলের দফতরে দেড় ঘণ্টা তল্লাশির পরেও আসল রেজুলেশন নথিটি পাওয়া যায়নি। আসল রেজুলেশন কপিটি লোপাট করে দেওয়ারও আশঙ্কাও করছেন তদন্তকারীরা।


Share