Mamata Banerjee

ভবানীপুরে শুভেন্দু অধিকারীর দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ, ‘গোষ্ঠী কোন্দল’ বলছে বিজেপি

চলতি সপ্তাহে এই কেন্দ্রে পা রাখেন শুভেন্দু অধিকারী। সেদিনও শুভেন্দুকে দেখে ২০-২৫ জন তৃণমূল কর্মী স্লোগান দেন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী।শনিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর তিনি প্রচারও শুরু করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ভবানীপুর
  • শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১১:২৪

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। শনিবার পোস্টার ছেঁড়াকে কেন্দ্র চক্রবেরিয়ায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, তাদের নির্বাচনী প্রচারের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার পিছনে বিজেপি রয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি, এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। ঘটনাকে কেন্দ্র করে কালীঘাট থানায় বিজেপি এবং তৃণমূল অভিযোগ দায়ের করেছে।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভবানীপুরের বিভিন্ন এলাকায় তৃণমূলের তরফে ব্যানার-পোস্টার টাঙানো হয়েছিল। শনিবার দুপুরে চক্রবেড়িয়া রোড সংলগ্ন এলাকায় সেই পোস্টার স্থানীয় তৃণমূল কর্মীরা ছেঁড়া অবস্থায় দেখতে পান। অভিযোগ, বিজেপি কর্মীরাই তা ছিঁড়ে ফেলেছে। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দলীয় কার্যালয়। তিনি ভবানীপুরের প্রার্থী হওয়ার পরে চলতি সপ্তাহে সেখানেই শুভেন্দু এসেছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর অসীম বসু। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখান। এর পরে ভবানীপুর থানার সামনে অবস্থান করেন। পরে কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়।

তৃণমূল কাউন্সিলর অসীম বসু বলেন, “আমরা যথার্থ অনুমতি নিয়েই ব্যানার পোস্টার লাগিয়েছিলাম। তারপর দেখি, কেউ বা কারা এগুলো ছিঁড়ে ফেলেছে। সঙ্গে-সঙ্গে আমরা পুলিশকে খবর দিই। পরে গিয়ে দেখি, ‘বয়কট বিজেপি’ লেখা পোস্টারটাও ছিঁড়েছে। মুখ্যমন্ত্রীর জয় নিশ্চিত করতে যে সমস্ত হোডিং-ব্যানার টাঙিয়েছিলাম তা ছিঁড়ে দিয়েছে।”

উল্লেখ্য, শনিবার সকালেই বিজেপির তরফে অভিযোগ উঠেছিল যে তৃণমূল কর্মীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টার ছিঁড়ে দিয়েছে। সেই অভিযোগের পাল্টা হিসেবেই তৃণমূলের এই অভিযোগ সামনে এল।

২০২৬ বিধানসভা নির্বাচনে ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র। এখানে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন‍্যদিকে বিজেপির প্রার্থী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলতি সপ্তাহে এই কেন্দ্রে পা রাখেন শুভেন্দু অধিকারী। সেদিনও শুভেন্দুকে দেখে ২০-২৫ জন তৃণমূল কর্মী স্লোগান দেন। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী।শনিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার পর তিনি প্রচারও শুরু করেন। ফলে এই কেন্দ্র ঘিরে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র হবে, তা স্পষ্ট।


Share