Narendra Modi

বন্দেভারত ট্রেনে পাথর ছোড়ার ছক, প্রধানমন্ত্রী মোদীকে কালো পতাকা! পুলিশকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে বলল পূর্ব রেল

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুপুর ১টায় মালদহে পৌঁছে যাবেন। মালদহ টাউন স্টেশন থেকে ১টা ১৫ মিনিট নাগাদ হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। পৌনে ২টো নাগাদ মালদহে একটি প্রশাসনিক সভা করবেন।

প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখানোর ছক।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১২:২৪

মালদহ টাউন স্টেশন থেকে বন্দেভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সেই অনুষ্ঠানে গোলমালের আশঙ্কা করছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। সেই মর্মে পূর্ব রেল কালিয়াচক থানার আইসিকে একটি চিঠি দিয়েছে।

শনিবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বন্দেভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করতে চলেছেন। মালদহ টাউন স্টেশনে সেই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। চিঠিতে বলা হয়েছে, রেলের কাছে গোপন সূত্রে খবর এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হওয়া ট্রেনে কয়েক জন দুষ্কৃতী পাথর ছোড়ার পরিকল্পনা করেছে। উদ্বোধন হওয়ার পরে যখন ট্রেনটি মালদহ স্টেশন ছেড়ে যাবে তখনই পাথর ছোড়ার পরিকল্পনা করা হয়েছে। জমিরঘাটা, খলতিপুর, চামাগ্রাম, শঙ্কপাড়া, নিউ ফরাক্কা, বল্লালপুর, ধূলিয়ান, বাসুদেবপুর এবং তিলডাঙা স্টেশনের মাঝে ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

এ ছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাস্তা দিয়ে আসবেন বা মালদহ টাউন স্টেশনের আশেপাশে তাঁকে দেখে ‘কালো পতাকা’ দেখানোর পরিকল্পনা করা হয়েছে। পূর্ব রেলের তরফে নিউ ফরাক্কা স্টেশনের আরপিএফ উদ্বেগ প্রকাশ করে পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছে। তাঁরা মালদহ স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে যাতে কোনও রকম বিশৃঙ্খলা না তৈরি হয়, তার জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দুপুর ১টায় মালদহে পৌঁছে যাবেন। মালদহ টাউন স্টেশন থেকে ১টা ১৫ মিনিট নাগাদ হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। পৌনে ২টো নাগাদ মালদহে একটি প্রশাসনিক সভা করবেন। সেখান থেকে তিন হাজার ২৫০ কোটি টাকার রেল প্রকল্পের উদ্বোধন করবেন। একাধিক সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পরে দুপুর আড়াইটে নাগাদ প্রধানমন্ত্রী মোদী জনসভায় যোগ দেবেন। 


Share