Sourav Ganguly

ক্ষমতায় আসতেই বিজেপির শরণাপন্ন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ‍্যের নির্বাচনের দায়িত্বে থাকা নেতার সঙ্গে বৈঠক সিএবির সভাপতির

বৈঠকের পরেই বিজেপিতে সৌরভের যোগদানের জল্পনা ছড়ায়। তবে সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। এই বৈঠক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বিজেপি নেতার সঙ্গে বৈঠক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইন্দ্রজিৎ মল্লিক, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১০:২১

বিজেপি ক্ষমতায় আসতেই ভোল পাল্টে এ বার তাঁদের শরণাপন্ন হলেন সিএবির সভাপতি অধিনায়কসৌরভ গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার দুপুরে তিনি উত্তরপ্রদেশের কুশীনগরের বিজেপি বিধায়ক পি এন পাঠকের সঙ্গে বৈঠক করেছেন। বিজেপি নেতা পি এন পাঠক পশ্চিমবঙ্গে দলের হয়ে নির্বাচনের দায়িত্ব সামলেছেন। তিনি রাজনৈতিক মহলে বিজেপি সাধারণ সম্পাদক সুনীল বনশলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

তৃণমূল জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই সৌরভ গঙ্গোপাধ্যায় পরিচিত হয়ে উঠেছিলেন। এর আগে সিপিএমের সময়ে তিনি নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্যের ‘কোলের ছেলে’ বলে পরিচিত ছিলেন। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন তাঁকে নিয়ে মমতা একাধিক বার বিদেশ সফরেও গিয়েছিলেন। মমতা তাঁকে শিল্পপতি হিসেবেও ঘোষণা করেন। ইস্পাত কারখানা তৈরি করবেন বলে শালবনির সরকারি জমি ১ টাকায় লিজ নিয়েছিলেন সৌরভ। প্রশ্ন ওঠে, চিটফান্ড সংস্থার জমি, যা বাজেয়াপ্ত করা হয়েছিল, তা কীভাবে সৌরভকে ১ টাকায় লিজ দেওয়া হল। পরে তা নিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল।

ময়দানের রাজনীতিতে কান পাতলেই শোনা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় মনোনীত হয়েছিলেন। মমতা ঘনিষ্ঠ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস সৌরভকে সিএবির সভাপতি হতে সরাসরি সাহায্য করেছেন। বেআইনি ভাবে জমি দখলে আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত এই শান্তনু সিংহ বিশ্বাস। সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শান্তনুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে। সিএবির নির্বাচনে সৌরভের বিরুদ্ধে যাতে কেউ প্রার্থী দিতে না পারে তার জন‍্য গোটা পুলিশের নেটওয়ার্ককে ব‍্যবহার করেছেন শান্তনু। এ ক্ষেত্রে প্রাক্তন ক্রিকেটার সুরজিত লাহিড়ী সৌরভের সঙ্গে শান্তনু সিংহ বিশ্বাসের মেলবন্ধন ঘটিয়েছেন। শান্তুনু নিজেও পুলিশ ক্লাব থেকে সিএবির সদস্য হয়েছেন। জেলায় জেলায় সিএবি প্রতিনিধি নির্বাচনে সৌরভ-সুরজিত গ‍্যাংকে সরাসরি মদত দেয় শান্তনু। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে জেলাশাসকের নির্দেশও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

২০১৪ সালের পর থেকে বিজেপির ঘনিষ্ঠ হয়েছিলেন সৌরভ। দলের তৎকালীন পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ও সাধারণ সম্পাদক বরুণ গাঁধীর সঙ্গে দেখা করেন। এরপরে বিজেপির সাহায্যে বিসিসিআই সভাপতি নির্বাচিত হন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বাড়িতে মধ‍্যাহ্নভোজ করেছিলেন। কিন্তু বিজেপির পরাজয়ের পরে তিনি তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভকে বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়।

কিন্তু এ বার বিধানসভা নির্বাচনের বিজেপির ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস।এমন প্রত‍্যাশিত ফলাফল ঘোষণা হওয়ার পরেই তথাকথিত ‘শিল্পপতি’ সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপির শরণাপন্ন হলেন। বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায় উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক পি এন পাঠককের সঙ্গে দেখা করেন। বিজেপি সূত্রের খবর, বেশ কিছু ক্ষণ তাঁর সঙ্গে বৈঠক হয়। তার পরে তিনি বেরিয়ে যান।

এর পরেই বিজেপিতে সৌরভের যোগদানের জল্পনা ছড়ায়। তবে সৌরভের বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। ব‍্যবসায়ীক স্বার্থ নাকি অন‍্য কোনও কারণ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।


Share