Assembly Election

স্বরাষ্ট্রমন্ত্রকের ডেপুটেশনে চাওয়া আইপিএস অফিসারকে পাঠানো হল রাজ‍্য পুলিশের আইবিতে, নির্বাচন ঘোষণার আগে বদলি আরও চার জন

গত ৭ মার্চ শিলিগুড়ি সফরে এসেছিলেন রাষ্ট্রপতি মুর্মু। অভিযোগ ওঠে, সেই সফরের সময় তাঁর নিরাপত্তা এবং প্রোটোকল যথাযথ ভাবে মানা হয়নি। তার পর সি সুধাকর এবং তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চেয়ে চিঠি পাঠিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক।

আইপিএস অফিসার সি সুধাকর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১০:২৩

শিলিগুড়িতে রাষ্ট্রপতি প্রোটোকল বিতর্কের পরে জেরে শিলিগুড়ির কমিশনার সি সুধাকর এবং মণীশ মিশ্রকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ বার আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক সি সুধাকরকে শিলিগুড়ির কমিশনারের পদ থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। রবিবার নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টা আগেই বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ‍্যে এসেছে। তাঁকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের আইবিতে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিলিগুড়ির নতুন কমিশনার হলেন সৈয়দ ওয়াকার রাজা। তিনি এর আগে মুর্শিদাবাদের জঙ্গিপুর রেঞ্জের ডিআইজি ছিলেন। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) ছিলেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি পদে রেখেছিল নির্বাচন কমিশন।

অন‍্যদিকে, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব) ভোলানাথ পান্ডেকে জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি করে পাঠানো হয়েছে। ২০২১ সালে নির্বাচনের সময় বিজেপির সভাপতি জেপি নাড্ডার গাড়িতে হামলার ঘটনায় ডায়মন্ড হারবারের পুলিশ সুপারের পদথেকে সরানো হয়েছিল। তাঁকে হোমগার্ডের সুপার করে পাঠানো হয়েছিল। তার পরে তিনি দীর্ঘদিন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব)-এর পদ সামলেছেন। এ বার তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের নতুন ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব) হিসেবে দায়িত্ব নেবেন সূর্যপ্রতাপ যাদব। গত বছরের এপ্রিলে মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি-র পদ থেকে সূর্যপ্রতাপকে সরিয়ে দুর্গাপুরের র‍্যাফ ব্যাটেলিয়নে পাঠানো হয়েছিল। এ ছাড়াও, রাজভবনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক শান্তি দাস বসাককে স্পেশ্যাল আর্মড ফোর্সের সেকেন্ড ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার করা হল।

প্রসঙ্গত, গত ৭ মার্চ শিলিগুড়ি সফরে এসেছিলেন রাষ্ট্রপতি মুর্মু। অভিযোগ ওঠে, সেই সফরের সময় তাঁর নিরাপত্তা এবং প্রোটোকল যথাযথ ভাবে মানা হয়নি। তার পর সি সুধাকর এবং তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চেয়ে চিঠি পাঠিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। গত বৃহস্পতিবার দার্জিলিঙের জেলাশাসক করা হয় সুনীল আগরওয়ালকে। মণীশকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব করে রাজ্য।


Share