Assembly Election 2026

বাড়তে চলেছে দায়িত্ব, আসন্ন বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হতে চলেছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত

রবিবার সন্ধ্যায় তিন দিনের সফরে আসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ ফুল বেঞ্চ। তাঁরা দু’দিন ধরে রাজ‍্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। রাজ্যে ভোট করানোর মতো পরিস্থিতি রয়েছে কি না তা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখেছেন।

(বাঁ দিক থেকে) অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত এবং দেশের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১০:৫৬

আসন্ন বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত।

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে ৬৩ লক্ষ আনম‍্যাপড এবং তথ‍্যগত অসঙ্গতিপূর্ণ ভোটারের নথি যাচাই করার দায়িত্ব বর্তমানে বিচারবিভাগীয় আধিকারিকেরা সামলাচ্ছেন। এসআইআর-এর কাজে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে বিশেষ তালিকা পর্যবেক্ষক বা স্পেশাল রোল অবজার্ভার হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন।

এর পরেই রবিবার সন্ধ্যায় তিন দিনের সফরে আসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ ফুল বেঞ্চ। তাঁরা দু’দিন ধরে রাজ‍্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। রাজ্যে ভোট করানোর মতো পরিস্থিতি রয়েছে কি না তা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখেছেন। নির্বাচনের কাজে কোনও গাফিলতি যে বরদাস্ত করা হবে না, তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট করে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, এসআইআর-এর কাজ নিজের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। এসআইআরের কাজে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তের কাজে নির্বাচন কমিশন খুশি হয়েছে। দু’দিন ধরে চলা কমিশনের ফুল বেঞ্চ বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে।

এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের বিশেষ তালিকা পর্যবেক্ষক হিসেবে সুব্রত গুপ্ত বলেছিলেন, “নির্বাচন কমিশন যা দায়িত্ব আমায় দিয়েছে তা-ই আমি পালন করেছি। ভবিষ্যতে যদি কোনও দায়িত্ব নির্বাচন কমিশন দেয়, সেটাও আমি অক্ষরে অক্ষরে পালন করব।”

উল্লেখ‍্য, আজই বিকেলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখে দিল্লি ফিরে গিয়েছেন। আবার মঙ্গলবার সন্ধ্যায় ধর্না তুলে নেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম না-করে সুব্রত গুপ্তকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, সিঙ্গুর আন্দোলনের সময়ে ‘যে লোকটা জোর করে চাষিদের জমি অধিগ্রহণ করেছিলেন, সেই লোকটাকেই’ এ রাজ্যে পাঠিয়েছে নির্বাচন কমিশন।


Share